সাংবাদিকদের জন্য তৈরি মঞ্চ ভেঙে পড়েছে
কেন্দ্রীয় নেতাদের মঞ্চ পরিদর্শনকালে সাংবাদিকদের স্টেজে উঠে কয়েকজন নেতা-কর্মী লাফালাফি করেন; এক পর্যায়ে স্টেজ ভেঙে পড়ে।
বরিশালে বিএনপির গণ-সমাবেশে সাংবাদিকদের জন্য প্রস্তুত মঞ্চ ভেঙে পড়েছে। এ সময় এক সাংবাদিক আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে সময় টিভির বরিশালের ক্যামেরাপার্সন সুজয় দাস জানিয়েছেন।
শনিবার নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বিএনপির বিভাগীয় সমাবেশ। ইতোমধ্যে সমাবেশের মঞ্চ নির্মাণ সম্পন্ন হয়েছে।
সুজয় দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় কমিটির কয়েকজন নেতা মঞ্চ পরিদর্শনে আসেন।
“এ সময় বিএনপি নেতা-কর্মীরা সাংবাদিকদের জন্য করা স্টেজে উঠে লাফালাফি শুরু করেন। ওই মঞ্চে কয়েকজন সংবাদকর্মী ছিলেন। এক পর্যায়ে স্টেজ ভেঙে পড়ে।”
সুজয় দাস জানান, এতে তিনিসহ আরও একজন আহত হয়েছেন এবং একটি টিভি ক্যামেরা ভেঙে গেছে।
বর্তমানে সেই মঞ্চ মেরামতের কাজ চলছে জানিয়ে মঞ্চ প্রস্তুত কমিটির যুগ্ম আহবায়ক খন্দকার আবুল হোসেন লিমন বলেন, সমাবেশের মঞ্চ প্রস্তুত সম্পন্ন হয়েছে। ৫০ ফুট দৈর্ঘ্য ও ২৫ ফুট প্রস্থ মঞ্চ তৈরি করা হয়েছে। ব্যানারও লাগানো শেষ হয়েছে।
এছাড়া সমাবেশস্থলসহ আশপাশে ১২০টি মাইক লাগানো হয়েছে বলে তিনি জানন।
