মুন্সীগঞ্জে পিকনিকের ট্রলার ডুবি: আরও এক শিশুর লাশ উদ্ধার
পদ্মার শাখা নদীতে বাল্কহেড চলাচল নিষিদ্ধ থাকার পরও কেন সেটি রাতে চলছিল এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন হতাহতদের স্বজনরা।
মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মার শাখা নদীতে বালুবাহী নৌযানের ধাক্কায় পিকনিক যাত্রীদের ট্রলার ডুবির ঘটনায় আরও এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
ঘটনার দুদিন পর সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ট্রলার ডুবে যাওয়া স্থান রসকাঠির এক কিলোমিটার ভাটিতে সুবচনী বাজারের কাছ থেকে তুরান নামে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে বলে লৌহজং ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা কয়েস আহমেদ জানান।
তুরান সিরাজদিখানের লতব্দী ইউনিয়নের কয়রাখোলা গ্রামের বাসিন্দা আরিফ হোসেনের ছেলে।
এ নিয়ে এ দুর্ঘটনায় মোট আটজনের লাশ উদ্ধার করা হয়েছে বলে লৌহজং উপজেলা প্রশাসন জানিয়েছে।
এর আগে শনিবার রাতে ট্রলার ডুবির পর প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল মোট আটজনের লাশ উদ্ধার করা হয়েছে। রাতে নদীপাড়েই পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ও নিখোঁজদের নাম তালিকাভুক্ত করা হচ্ছিল। সংবাদ কর্মীরা সেখান থেকেই নিহত ও নিখোঁজদের সংখ্যা জানতে পারেন।
কিন্তু রোববার রাতে পুলিশ জানায় নিখোঁজ ১১ বছরের শিশু মাহিরের নাম নিহতের তালিকায় উঠে গিয়েছিল; ফলে নিহতের সংখ্যা সাত থেকে আট হয়।
অপরদিকে প্রশাসন নিখোঁজের সংখ্যা চার থেকে পাঁচজনের কথা জানালেও; সোমবার জানায় দুটি শিশু নিখোঁজ হয়েছে। তারা হলো- মাহির (১১) ও নাভা (৫)। তাদের উদ্ধারে অভিযান চলছে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের খিদিরপুর গ্রাম থেকে ট্রলার নিয়ে পদ্মা নদীতে বেড়াতে যায় ৪২ জনের একটি দল।
রাতে ফেরার পথে ডহরী-তালতলা খালের লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের রসকাঠি এলাকায় বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। ঘটনার পরপরই উদ্ধারে ছুটে যান আশপাশের গ্রামের বাসিন্দারা।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌপুলিশের সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নেন। তারা ওই রাতেই ৭ জনের মরদেহ ও অধিকাংশকে জীবিত উদ্ধার করে। সবশেষ সোমবার সকালে তুরান নামে শিশুটির লাশ উদ্ধার করা হল।
ঘটনার কারণ জানতে জেলা প্রশাসন পাঁচজনের একটি কমিটি গঠন করেছে।
এদিকে, পদ্মার শাখা নদীতে বাল্কহেড চলাচল নিষিদ্ধ করার পরও কেন সেটি রাতে চলছিল এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন হতাহতদের স্বজনরা।
আরও পড়ুন:
