২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ট্রাক-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

হতাহতদের নাম পরিচয় এখনও নিশ্চিত না হলেও তারা অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন বলে ধারণা করছে পুলিশ।

গোপালগঞ্জে ট্রাক-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

এক্সক্যাভেটরবাহী লোবেটের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে যায়।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2023, 10:15 AM

Updated : 06 Jul 2023, 10:45 AM

গোপালগঞ্জে এক্সক্যাভেটরবাহী ট্রাকের (লোবেট) সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চারজনের প্রাণ গেছে; আহত হয়েছেন আরও তিন জন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চাচানিয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি শরিফুল ইসলাম জানিয়েছেন।

হতাহতদের নাম পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে তারা অ্যাম্বুলেন্সের আরোহী ছিলেন বলে ধারণা করছে পুলিশ।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি শরিফুল ইসলাম জানান, মানসিকভাবে অসুস্থ রোগীদের নিয়ে অ্যাম্বুলেন্সটি খুলনা থেকে ঢাকায় যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা ঘোনাপাড়াগামী ওই ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে গাড়ি দুটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই একজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।

আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসার পথে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয় বলে জরুরি বিভাগের চিকিৎসক জুয়েল সরকার জানান।

তিনি বলেন, আহত ৩ জনকে ওই হাসপাতালেই ভর্তি করা হয়েছে।