২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় বিপুল ডলার ও ইউরোসহ ‘পাচারকারী’ গ্রেপ্তার

উদ্ধার ইউএস ডলার ও ইউরোর বাংলাদেশি মুদ্রায় মান প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা।

চুয়াডাঙ্গায় বিপুল ডলার ও ইউরোসহ ‘পাচারকারী’ গ্রেপ্তার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত থেকে ইউএস ডলার ও ইউরোসহ একজনকে গ্রেপ্তার করেছে বিজিবি।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2023, 05:51 PM

Updated : 03 Jun 2023, 05:51 PM

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে ১ লাখ ৪৩ হাজার ইউএস ডলার ও ১০ হাজার ইউরোসহ এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন, যাকে পাচারকারী বলছে বিজিবি। 

শনিবার সকাল ১০টার দিকে দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে চুয়াডাঙ্গা-৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান জানান। 

গ্রেপ্তার ২৬ বছর বয়সি শেখ তপন ঢাকার যাত্রাবাড়ী থানার ভাঙ্গাপ্রেস গ্রামের শেখ জালাল উদ্দিনের ছেলে। 

বিজিবির জাহিদুর রহমান জানান, ভারত থেকে বাংলাদেশে বৈদেশিক মুদ্রা পাচারের খবর পেয়ে সকাল ১০টায় দর্শনা আইসিপির চেকপোস্টে অবস্থান নেয় বিজিবি।

“এ সময় ভারত থেকে আসা শেখ তপনের ট্রলি ব্যাগ তল্লাশি করে এক লাখ ৪৩ হাজার ১০০ ইউএস ডলার, ১০ হাজার ইউরো এবং একটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়। উদ্ধার ডলার ও ইউরোর মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা।” 

এ ঘটনায় দর্শনা আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল জলিল আটক ব্যক্তির বিরুদ্ধে দর্শনা থানায় মামলা করেছেন। 

উদ্ধার করা বৈদেশিক মুদ্রাগুলো চুয়াডাঙ্গার ট্রেজারি শাখায় জমা করা হবে বলে বিজিবির জাহিদুর রহমান জানান।