২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে কলেজ ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান আদালতের বেঞ্চ সহকারী।

বরিশালে কলেজ ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

বরিশালে রায় ঘোষণার পর আসামিকে কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2023, 07:53 PM

Updated : 11 Oct 2023, 07:53 PM

বরিশালে বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে আদালতের বেঞ্চ সহকারী মো. হুমায়ন কবির জানান।

দণ্ডিত ৩৪ বছর বয়সি আব্দুল্লাহ আল মামুন ঝালকাঠি সদর উপজেলার বালিঘোনা এলাকার বাসিন্দা।

মামলার বরাতে বেঞ্চ সহকারী হুমায়ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকারি ব্রজমোহন কলেজের এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়েন মামুন। পরে তাকে বিয়ের প্রলোভন দিয়ে নগরীতে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।

“সেখানে স্বামী-স্ত্রীর পরিচয়ে ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে ২০১৫ সালের ২১ জুন পর্যন্ত বসবাস করেন তারা। বিষয়টি জানতে পেরে মামুনের বাবা ও মা সেখানে যান। প্রথমে মামুন পরিবারের কাছে বিষয়টি অস্বীকার করেন।

“পরে বিয়ের কথা বলে মামুনকে বাড়িতে নিয়ে যান তারা পরিবার। এদিকে বাড়িতে যাওয়ার পর মামুন ও তার পরিবার ওই ছাত্রীকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে অস্বীকার করেন।”

এ ঘটনায় ২০১৫ সালের ৯ জুলাই ওই ছাত্রী মামুনসহ তিনজনকে আসামি করে এয়ারপোর্ট থানায় মামলা করেন।

পরে ওই বছরের ৭ সেপ্টেম্বর এসআই আব্দুর রহমান তিন জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন বলে জানান বেঞ্চ সহকারী।

সাক্ষ্যগ্রহণ শেষে মামুনকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী হুমায়ন।

এ দিকে মামলার অপর দুই আসামি মামুনের বাবা ও মায়ের বিচার কাজ উচ্চ আদালত থেকে স্থগিত রয়েছে; পরে তাদের বিচার হবে বলে জানান হুমায়ন।