ঝালকাঠিতে ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক
সোমবার রাতে ওই ছাত্রকে মাদ্রাসার একটি নির্জন স্থানে ডেকে নিয়ে শিক্ষক ইব্রাহিম ধর্ষণ করেন বলে জানান ওসি।
ঝালকাঠির নলছিটি উপজেলায় মাদ্রাসার এক ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে ওই মাদ্রাসা থেকে তাকে আটক করা হয় বলে নলছিটি থানার ওসি আতাউর রহমান জানান ।
আটক ইব্রাহিম খলিলুল্লাহ বেপারী (২২) রাজাপুর উপজেলার চররাজাপুর এলাকার বাসিন্দা। তিনি নলছিটি উপজেলার একটি মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত।
পরিবারের বরাত দিয়ে ওসি আতাউর রহমান বলেন, “সোমবার রাতে ১১ বছর বয়সি ওই ছাত্রকে মাদ্রাসার একটি নির্জন স্থানে ডেকে নিয়ে শিক্ষক ইব্রাহিম ধর্ষণ করেন। এ সময় সে চিৎকার করলে লোকজন ছুটে এসে ওই শিক্ষককে আটক করেন।
“পরে খবর পেয়ে ওই ছাত্রের পরিবার ৯৯৯ এ ফোন করলে পুলিশ শিক্ষক ইব্রাহিমকে আটক করে থানায় নিয়ে আসে।”
এ ঘটনায় ছাত্রের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
