২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে দ্বিগুণ লাভে পোশাক বিক্রি করায় জরিমানা

পোশাকের নির্ধারিত মূল্য তুলে দিয়ে বেশি দামে বিক্রির কথা জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বরিশালে দ্বিগুণ লাভে পোশাক বিক্রি করায় জরিমানা

বরিশালে দ্বিগুণ লাভে পোশাক বিক্রি করায় এক ফ্যাশন হাউজকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2023, 09:26 PM

Updated : 02 Apr 2023, 09:26 PM

দ্বিগুণ লাভে তৈরি পোশাক বিক্রির দায়ে বরিশাল নগরীর দুই ফ্যাশন হাউজকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিদপ্তর বরিশালের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকালে নগরীর পুলিশ লাইন্স রোডের ফ্যাশন হাউজ ‘চন্দ্রদ্বীপে’ প্রথমে অভিযান চালানো হয়।

“অভিযানে অননুমোদিত কসমেটিকস ও দ্বিগুণ দামে তৈরি পোশাক বিক্রির দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

পোশাকের নির্ধারিত মূল্য তুলে দিয়ে মনগড়া মূল্য নির্ধারণের প্রমাণ পাওয়ার কথা জানিয়ে তিনি আরও বলেন, প্রতিটি পণ্য যেখানে ১৫ শতাংশ লাভ করার কথা; সেখানে প্রতিষ্ঠানটি ৯০ থেকে ১০০ শতাংশ লাভ করছে।

এ দিকে নগরীর গির্জা মহল্লায় তৈরি পোশাক বিক্রির প্রতিষ্ঠান ‘বৈশাখীতে’ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ সময় ভারত থেকে আনা পোশাকের ভাউচার দেখাতে না পারায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে সাফিয়া সুলতানা জানান।

পরে একই রোডে অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে ইফতার বিক্রির অভিযোগে ওয়াজেদিয়া হোটেল মালিককে পাঁচ হাজার এবং আল-জামিয়াকে চার হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের একটি দল সহায়তা করে বলে সাফিয়া সুলতানা জানান।