ওএমএস: ৩০ টাকা কেজিতে চাল পাচ্ছেন পোশাক শ্রমিকরা
প্রতি শুক্রবার দুই দফায় চাল বিক্রির কার্যক্রম চালানো হবে।
খাদ্য মন্ত্রণালয়ের ওএমএস (খোলা বাজারে বিক্রি) কর্মসূচির মাধ্যমে পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার থেকে এ কর্মসূচি শুরু হয়েছে বলে খাদ্য মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
প্রতি শুক্রবার দুই দফায় চাল বিক্রির কার্যক্রম চালানো হবে। প্রথম দফায় সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট এবং দ্বিতীয় দফায় দুপুর আড়াইটা থেকে বিকাল ৫টা পর্যন্ত (মজুত থাকা সাপেক্ষে) বিক্রি করা হবে।
প্রাথমিকভাবে ঢাকা মহানগরী, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগরীসহ চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় মোট ৬৬ ট্রাকসেলের মাধ্যমে চাল বিক্রি করা হবে। প্রতিটি টাকে থাকবে ৫ টন চাল। সে হিসাবে এক দিনে ৩৩০ টন চাল বিক্রি করা হবে।
প্রতি মাসে ১০ কেজি চাল কিনতে পারবেন শ্রমিকরা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চাল বিক্রির এ কর্মসূচি চালু থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মসূচির আওতায় প্রতি শুক্রবার ঢাকা মহানগরীতে ছয়টি ট্রাকে ৩০ টন, সাভারে আটটি ট্রাকে ৪০ টন, ধামরাইয়ে দুইটি ট্রাকে ১০ টন, গাজীপুরে ৩০টি ট্রাকে ১৫০ টন, নারায়ণগঞ্জে ১০টি ট্রাকে ৫০ টন এবং চট্টগ্রামে ১০টি ট্রাকে ৫০ টন চাল বিক্রি করা হবে।
পোশাক শ্রমিকরা নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখিয়ে এবং মাস্টার রোলে স্বাক্ষরের মাধ্যমে এ কর্মসূচির আওতায় সাশ্রয়ী মূল্যে চাল সংগ্রহ করতে পারবেন।
