টাঙ্গাইলে মাকে হত্যার ২৭ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
র্যাব জানায়, দণ্ডপ্রাপ্ত বাদশা নাম পরিবর্তন করে জাতীয় পরিচয়পত্র তৈরি করে আত্মগোপনে ছিলেন।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পারিবারিক কলহের জেরে মাকে হত্যার ২৭ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছেলেকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার গভীর রাতে ঢাকার আশুলিয়ার কান্দাইল থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে রোববার দুপুরে র্যাব-১৪ এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান।
গ্রেপ্তার ৫৫ বছর বয়সী বাদশা মিয়া উপজেলার কালোহা গ্রামের হাসমত আলীর ছেলে।
মামলার বরাতে এক সংবাদ সম্মেলনে রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বলেন, “১৯৯৬ সালে বোনের সঙ্গে ঝগড়া হয় বাদশা মিয়ার। এ সময় বাঁশের লাঠি দিয়ে বোনকে মারতে গেলে মা তমিরন নেছা বাদশার হাত থেকে লাঠিটি কেড়ে নেন।
“এতে ক্ষিপ্ত হয়ে বাদশা উঠানে পড়ে থাকা দা নিয়ে মাকে কোপ দেন। এতে ঘটনাস্থলেই তমিরন নেছা মারা যান।”
ঘটনার পর বাদশা মিয়ার বিরুদ্ধে কালিহাতী থানায় হত্যা মামলা হয়। বিচার শেষে ২০০৪ সালের ১৮ ফেব্রুয়ারি টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত বাদশা মিয়াকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের আরও জানান, মাকে হত্যার পর বাদশা মিয়া আত্মগোপনে চলে যান। নিজের নাম পরিবর্তন করে আলী আকবর নাম দিয়ে জাতীয় পরিচয়পত্র তৈরি করেন।
“প্রথমে ঢাকার বাড্ডায় বসবাস করেন তিনি। পরে আশুলিয়ার কান্দাইল এলাকায় বসবাস শুরু করেন বাদশা। সেখানে প্রথমে পোশাক কারখানায় চাকরি করতেন। পরে কান্দাইলে একটি চায়ের দোকান দেন।”
গোপন খবর পেয়ে রোববার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাকে কালিহাতী থানায় হস্তান্তর করা হয় বলে জানান রফিউদ্দীন মোহাম্মদ।
