কুমিল্লায় ‘মাদকের টাকা ভাগাভাগি নিয়ে’ খুন হন ইজাজ, গ্রেপ্তার ৪
এ নিয়ে এ মামলায় মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কুমিল্লা নগরীতে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ইজাজুল ইসলাম ইজাজকে খুন করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের বরাতে বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরান হোসেন।
বুধবার রাতে তথ্য-প্রযুক্তির সহযোগিতায় কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট থেকে অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কুমিল্লা সেনানিবাস এলাকার মো. মহরম মিয়া, নগরীর মুরাদপুর এলাকার পারভেজ হোসেন, কুমিল্লা আদর্শ সদর উপজেলার বারপাড়া এলাকার ইয়াছিন মিয়া এবং নগরীর দ্বিতীয় মুরাদপুর এলাকার রূপা আক্তার।
২৫ জুন রাত ৮টার দিকে নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় এলাকায় ইজাজুল ইসলাম ইজাজকে (৩৫) প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ইজাজ কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলি ইউনিয়নের মণিপুর গাবতলী এলাকায় সিরাজুল ইসলামের ছেলে। সিরাজুল ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য।
পুলিশ জানায়, ইজাজ মাদক কারবারি হিসেবে পরিচিত ছিলেন। তিনি একাধিকবার মাদকসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন বলেন, মাদকের পাওনা টাকা পরিশোধের কথা বলে রুবেল ও তার স্ত্রী শারমিন ২৫ জুন সন্ধ্যায় ইজাজুলকে কান্দিরপাড় এলাকার খন্দকার হক টাওয়ারের সামনে ডেকে আনেন। এ সময় রুবেল, শারমিন ও রূপার সঙ্গে ইজাজের কথা কাটাকাটি হয়।
পরে সেখানে মহরম ও পারভেজ আসেন। একপর্যায়ে ইজাজুলকে ছুরিকাঘাত করা হয়। হাসপতালে নেওয়ার পথে মারা যান ইজাজুল।
এ ঘটনায় ইজাজের বাবা মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪-৫ জনের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় হত্যা মামলা করেন।
এরপর এ মামলায় ২৮ জুন নগরীর চর্থা এলাকার দুলাল ও শুভপুর এলাকার হোসেন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
আসামি মহরমের বিরুদ্ধে চুরি, ডাকাতি, মাদকসহ মোট ১৪টি, পারভেজের বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ পাঁচটি, ইয়াছিনের বিরুদ্ধে মাদকের তিনটি মামলা বিচারাধীন।
পুলিশ কর্মকর্তা কামরান হোসেন জানান, হত্যার পর আসামিরা কক্সবাজারে পালিয়ে যায়।
