ফেইসবুকে বিষন্নতার প্রকাশ, ঘরে শাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ
আরিফের সর্বশেষ ফেসবুকে পোস্টে ছিল, ''বিষণ্ণ রজনী, কিছু চাওয়ার নেই। কিছু পাওয়ার নেই। ছাড়তে হবে চেনা গলি, চেনা রাস্তা, চেনা জগৎ।”
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিজের ফেইসবুকে প্রোফাইলে বিষণ্ণতার প্রকাশ জানিয়ে একাধিক পোস্ট করেছিলেন; পরে ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন এক মেস থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানান প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী।
সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের ওই শিক্ষার্থীর নাম আরিফ মিয়া। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ায়।
বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের বরাতে প্রক্টর বলেন, “আনুমানিক ভোর ৪টায় রুমে ফ্যানের সঙ্গে দড়ি ঝুলিয়ে গলায় ফাঁস দিয়েছে আরিফ মিয়া। সকাল ৮টায় পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।
পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠাবে বলে জানান প্রক্টর।
সহপাঠীরা জানান, আরিফ মিয়া তার ফেসবুক প্রোফাইলে বুধবার বেলা ২টা পর্যন্ত একাধারে অনেকগুলো পোস্ট দিয়েছেন। সেগুলোতে বিষণ্ণতা ও কাউকে না পাওয়ার ব্যাকুলতা প্রকাশ পেয়েছে।
বুধবার মধ্যরাতে আরিফের সর্বশেষ পোস্ট ছিল, ''বিষন্ন রজনী, কিছু চাওয়ার নেই। কিছু পাওয়ার নেই। ছাড়তে হবে চেনা গলি, চেনা রাস্তা, চেনা জগৎ। দুনিয়াটা খুবই নিষ্ঠুর। দুনিয়াটা খুবই নিষ্ঠুর। এই যে প্রেম, এই যে সৌন্দর্য, এই যে শরীর। 'নিরর্থক। এখানে স্রষ্টার নজর ও আসে না। সময় মেপে নিয়ম করে সূর্য-চন্দ্র জিয়িয়ে রাখে কিছু আকুল প্রাণ। জীবনটা এখানে কীটপতঙ্গের। ভালোবাসা এখানে স্থবির''।
প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী বলেন, “আরিফের এ ঘটনায় সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। সে মানসিক সমস্যায় চিকিৎসাধীন ছিল বলে জেনেছি। এর আগেও একবার এমন চেষ্টা করেছিল।”
বিষয়টি তার পরিবারকে জানানো হয়েছে, তারা বিশ্ববিদ্যালয়ে আসছেন বলেও জানান প্রক্টর।
