১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, ‘কিশোর গ্যাং’ বিরোধী অভিযানে আটক ৭০

এ সময় ৫১টি ইয়াবা ও ২৯৩ গ্রাম গাঁজাও জব্দ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Oct 2026, 09:49 AM

Updated : 11 Oct 2026, 09:49 AM

চাঁদপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে একদিনে ২০ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। একই সময়ে ‘কিশোর গ্যাং’ বিরোধী অভিযানে আটক করা হয়েছে ৭০ জনকে।

এছাড়া ৫১টি ইয়াবা ও ২৯৩ গ্রাম গাঁজাও জব্দ করা হয়েছে অভিযানে।

শনিবার জেলার বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান চালানো হয় বলে রোববার সকালে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নাদিয়া নূর।

তিনি বলেন, চাঁদপুর সদর মডেল থানার পুলিশ মাদকবিরোধী অভিযানে বিভিন্ন মাদকদ্রব্য সেবনের অপরাধে আটজনকে গ্রেপ্তার করে। এ ছাড়া ১১টি ইয়াবাসহ আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

ফরিদগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তারের পাশাপাশি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

মতলব দক্ষিণ থানা পুলিশ ২৩ গ্রাম গাঁজাসহ দুজন, মতলব উত্তর থানা পুলিশ ২৪ ইয়াবা ও ২০ গ্রাম গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করে।

এ ছাড়া হাজীগঞ্জে পাঁচটি ইয়াবাসহ দুজন, শাহরাস্তিতে ছয়টি ইয়াবাসহ দুজন এবং কচুয়ায় পাঁচটি ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

অপরদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে হাইমচরে একজন, ফরিদগঞ্জে ১৪ জন, মতলব উত্তরে ৮ জন, হাজীগঞ্জে ১৪ জন, শাহরাস্তিতে ১৭ জন এবং কচুয়ায় ১৬ জনকে আটক করা হয়। যাচাই-বাছাই শেষে আটক কিশোরদের নিজ নিজ অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান বলেন, মাদক ও কিশোর অপরাধ নির্মূলে জেলা পুলিশ বদ্ধপরিকর।

মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করে মাদক সংক্রান্ত কোনো তথ্য থাকলে কাছের থানায় অথবা জেলা পুলিশের হটলাইনে জানানোর অনুরোধও করেন তিনি।