২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসানাত-সাদিকের বিরুদ্ধে বক্তব্য দিয়ে কাউন্সিলর প্রার্থী আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত

বহিষ্কৃত শরীফ আনিছুর রহমান বলেছিলেন, মনোনয়ন না পেয়ে সাদিক আব্দুল্লাহ ও তার বাবা হাসানাত আব্দুল্লাহ নৌকার প্রার্থীকে হারাতে হাতপাখার প্রার্থীকে ৩ কোটি টাকা দিয়েছেন।

হাসানাত-সাদিকের বিরুদ্ধে বক্তব্য দিয়ে কাউন্সিলর প্রার্থী আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত

বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা শরীফ আনিছুর রহমান

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2023, 06:47 PM

Updated : 05 Jun 2023, 06:47 PM

আবুল হাসানাত আব্দুল্লাহ ও তার ছেলে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে ‘মিথ্যাচার’ করায় বরিশাল সিটি করপোরেশনের এক কাউন্সিলরকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত শরীফ মো. আনিছুর রহমান সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এবারের নির্বাচনেও প্রার্থী তিনি।

আনিছুর জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ছিলেন। ওই দুই পদ থেকে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে বলে জানান বরিশাল জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কাউয়ুম খান কাওছার।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও মিথ্যা বলার দায়ে দলের জেলা ও মহানগর শাখার সদস্যপদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।”

মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হেমায়েতউদ্দিন সুমন সেরনিয়াবাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী কার্যনির্বাহী কমিটির সদস্য শরীফ মো. আনিছুর রহমানকে সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এবং শতভাগ মিথ্যা প্রচার করায় সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।”

বরিশাল-১ আসনের সংসদ সদস্য হাসানাত আব্দুল্লাহর ছেলে সাদিক বরিশাল সিটি করপোরেশনের বর্তমান মেয়র। তবে এবার আওয়ামী লীগ তাকে মনোনয়ন না দিয়ে মেয়র প্রার্থী করেছে খোকন সেরনিয়াবাতকে। তিনি হাসানাত আব্দুল্লাহর ভাই হলেও তাদের মধ্যে দূরত্বই বরিশালে বেশি আলোচিত।

আগামী ১২ জুন অনুষ্ঠেয় সিটি নির্বাচনে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর প্রার্থী সাফিন মাহমুদ তারেকের সঙ্গে নির্বাচনী প্রচারণা নিয়ে দ্বন্দ্বে রোববার সংবাদ সম্মেলন করেছিলেন আনিছুর।

সেখানে তিনি বলেন, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বর্তমান মেয়র, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এবং তার বাবা জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ নৌকার প্রার্থীকে হারাতে ইসলামী আন্দোলনের হাতপাখার প্রার্থীকে ‘৩ কোটি টাকা দিয়েছেন’, যাতে শেখ হাসিনার মনোনীত প্রার্থী খোকন সেরনিয়াবাত পরাজিত হন। আর তা হলে সাদিক আব্দুল্লাহ পুনরায় বরিশালে সব ‘অপকর্ম’ নির্বিঘ্নে করতে পারবেন।

তিনি আরও বলেন, সাদিক আব্দুল্লাহর আমলে ‘নির্যাতিত’ ১০ কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে তিনজন করে প্রার্থী দাঁড় করানো হয়েছে, যাদের ইতোমধ্যে ৩০ লাখ টাকা দেওয়া হয়েছে।

নির্বাচনের ডামাডোলের মধ্যে আনিছুরে বক্তব্যের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর রোববার রাতেই তাকে বহিষ্কারের খবর আসে।

ভোটের আগে বহিষ্কৃত হওয়া আনিছুরের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাকে একাধিক বার কল করা হলেও তিনি ফোন ধরেননি।