২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘পূর্ব শত্রুতার জেরে’ যশোরে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

চিকিৎসক জানান, আকাশের গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

‘পূর্ব শত্রুতার জেরে’ যশোরে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

যশোরে ছুরিকাঘাতে নিহতের স্বজনরা আহাজারি করছেন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2024, 02:37 PM

Updated : 28 Feb 2024, 02:37 PM

যশোরে ‘পূর্ব শত্রুতার জেরে’ একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার রাত ১টার দিকে শহরের শংকরপুরের একটি বস্তিতে এ ঘটনা ঘটে বলে যশোর কোতয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানান।

নিহত মোহাম্মদ আকাশ (২১) শংকপুর বটতলা এলাকার তোতা মিয়ার ছেলে।

নিহতের বাবার তোতা মিয়া বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে একটি পোস্টে মন্তব্য করা নিয়ে একই এলাকার তানভিরের সঙ্গে আকাশের বিরোধ চলে আসছিল।

“কিছুদিন আগে তানভির হোয়াটাস অ্যাপে আকাশকে হত্যার হুমকি দেয়। মঙ্গলবার রাতে তাকে কৌশলে ফোন করে ডেকে নিয়ে সাব্বির এবং তানভিরসহ ১০ থেকে ১২ জন মারধর ও ছুরিকাঘাত করে।”

তোতা মিয়া বলেন, স্থানীয়রা আকাশকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক সাইফুর রহমান বলেন, “হাসপাতালে আনার আগেই আকাশের মৃত্যু হয়। তার গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হাসপাতাল মর্গে আকাশের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।”

ওসি আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। স্থানীয় কয়েকজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।