নারায়ণগঞ্জে গর্তে জমা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর
বাড়ির সামনে খেলা করার এক পর্যায়ে সড়কের পাশে গর্তে পড়ে যায় ওই দুই শিশু।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় খেলতে গিয়ে সড়কের পাশে গর্তে জমা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার বিকালে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের জিওধারা গ্রামে এ ঘটনা ঘটে বলে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান জানান।
নিহতরা হলো- জিওধরা গ্রামের কবির মিয়ার ছেলে আব্দুল আজিজ (৩) ও কবিরের ছোট ভাই নূরুজ্জামান মিয়ার ছেলে মো. আহনাফ (৩)৷ তারা সম্পর্কে চাচাতো ভাই।
পরিবারের লোকজনের বরাতে ইউপি চেয়ারম্যান দেলোয়ার বলেন, বিকাল ৩টার দিকে আজিজ ও আহনাফ বাড়ির সামনে খেলছিল৷ হঠাৎ তাদের দেখতে না পেয়ে আশেপাশে খোঁজ করেন স্বজনরা।
খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ি থেকে প্রায় ৫০ গজ দূরে রাস্তার পাশে গর্তের কাছে এক শিশুর জুতা পাওয়া যায়৷ পরে ওই গর্তের পানি থেকে দুজনকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন৷
আহনাফের বাবা নূরুজ্জামান কাঁদতে কাঁদতে বলেন, “বাড়ির সামনেই খেলছিল দুই ভাই৷ কীভাবে যে কী হয়ে গেল বুঝতেই পারি নাই কেউ। যতক্ষণে খুঁইজা পাইছি ততক্ষণে তারা লাশ হইয়া গেছে৷”
দুই শিশুকে হারিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে জানান ইউপি চেয়ারম্যান দেলোয়ার।
