২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ার আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলা

মামলার আসামি আসাদুর রহমান দুলু বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

বগুড়ার আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলা

আসাদুর রহমান দুলু

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2023, 08:11 PM

Updated : 06 Apr 2023, 08:11 PM

 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য গোপনের অভিযোগে বগুড়া জেলা আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে মামলা করেছে দুদক।  

 বুধবার দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়া সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. তারিকুর রহমান মামলাটি দায়ের করেন। 

আসামি আসাদুর রহমান দুলু বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।   

মামলার নথি থেকে জানা যায়, আসাদুর রহমান দুলুর বিরুদ্ধে অভিযোগ ওঠার পর গত বছরের ২৪ ফেব্রুয়ারি তার সম্পদ বিবরণী দাখিলের আদেশ দেওয়া হয়। তিনি ওই বছরের ২৫ জুলাই তার সম্পদ বিবরণী দাখিল করেন। 

দুলুর দেওয়া বিবরণীতে দেখা যায়, তিনি বলেছেন – স্থাবর ও অস্থাবর মিলে সম্পদের পরিমাণ ২ কোটি ৯২ লাখ ৫২ হাজার ২৬৯ টাকা। কিন্তু যাচাইকালে তার জ্ঞাত আয় বহির্ভূত ১ কোটি ৬ লাখ ১৩ হাজার ৮৯০ টাকার সম্পদ পাওয়া যায়।

মামলার বাদী দুদকের সহকারী পরিচালক মো. তারিকুর রহমান জানান, আওয়ামী লীগ নেতা আসাদুর রহমান দুলু অবৈধভাবে সম্পদ অর্জন করায় দুর্নীতি দমন কমিশন আইনে মামলা হয়েছে। 

“দুলু তার সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য, আয়ের উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর ও রূপান্তর করে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ করেছেন।” 

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু বলেন, “আমার কাছে হিসাব চেয়েছে। আমি সঠিক হিসাব দাখিল করেছি। সঠিক আছি বিধায় কোনো তদ্বিরও করিনি। আমার ঢাকায়ও কোনো ফ্ল্যাট নেই, বিদেশেও টাকা পাঠাইনি। আয় অনুযায়ী কর দিয়েছি। কোথাও তথ্য গোপন করিনি। তারপরও কেন মামলা দিল এটা আমার বোধগম্য নয়।” 

তিনি সম্পদের সঠিক তথ্য নিয়ে আদালতে মামলার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান।