২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘খুন করে সাবিনার লাশ সিমেন্টের খুঁটিতে বেঁধে ডুবিয়ে দেন খালু’

পিবিআই বলছে, সাড়ে তিন বছর আগের গার্মেন্ট কর্মী হত্যাকাণ্ডে পাঁচজন জড়িত ছিলেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2022, 03:54 PM

Updated : 10 Dec 2022, 03:54 PM

গাজীপুরে তৈরি পোশাক কর্মী সাবিনা হত্যার সাড়ে তিন বছর পর এক আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআই; যিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পিবিআই গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, “আসামি তুলা মিয়াকে গ্রেপ্তারের মধ্য দিয়ে সাবিনা হত্যা মামলার জট খুলেছে। তিনি বৃহস্পতিবার আদালতে ১৬৪ ধারায় জবানবিন্দ দিয়েছেন। অন্য আসামিদের নামও বলেছেন।”

সাবিনা (২০) ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার জোকা গ্রামের লাল মিয়া মেয়ে। তিনি খালা, খালু ও নানীর সঙ্গে গাজীপুরের কাপাসিয়ার সুর্যনারায়ণপুর গ্রামের কামালের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় গার্মেন্টে কাজ করতেন। একই বাড়িতে ভাড়া থাকতেন তুলা মিয়া।

২০১৯ সালের ২৫ জুন রাতে বাসা থেকে বেরিয়ে সাবিনা নিখোঁজ হন। দুইদিন পর ২৭ জুন তার মৃতদেহ শ্রীপুর উপজেলার রাজাবাড়ী বাজারের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশ।

ওইদিনই নিহতের খালা ফুলেমা খাতুন অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে শ্রীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। শ্রীপুর থানা ও শিল্প পুলিশ মামলাটি তদন্ত করলেও হত্যার জট খুলতে পারেনি। পরে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) হাতে যায়।

দীর্ঘদিন তদন্ত শেষে পিবিআই আসামি মো. তুলা মিয়াকে (২৪) ময়মনসিংহের ভালুকার ভরাডোবা এলাকা থেকে বৃহস্পতিবার ভোরে গ্রেপ্তার করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ওইদিনই তিনি আদালতে স্বীকারোক্তি দেন। তুলা মিয়া ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দর্শা-মোড়লবাড়ি গ্রামের মো. আব্দুল ছালামের ছেলে।

পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান দাবি করেন, সাবিনার আগে চারটি বিয়ে হয়েছে। এ ছাড়া তিনি ছেলে বন্ধুদের সঙ্গে ঘুরে অনেক রাতে বাসায় ফিরতেন। এ নিয়ে খালু সুজনের সঙ্গে তার প্রায়ই কথা কাটাকাটি হতো। ২০১৯ সালের ২৫ জুন সাবিনা এক বন্ধুর সঙ্গে ঢাকায় বেড়াতে যান এবং রাত করে বাসায় ফিরেন। 

“এ নিয়ে সুজনের বৃদ্ধ বাবা সাবিনাকে গালমন্দ করেন। কিন্তু সাবিনা তখন সেই বৃদ্ধকে চড় মারেন। এটা সহ্য করতে না পেরে সুজন তখন লাঠি দিয়ে সাবিনাকে মারধর করেন। এতে সাবিনা হাতে প্রচণ্ড ব্যাথা পান। তখন তিনি দৌড়ে পাশের ভাড়াটিয়া তুলা মিয়ার ঘরে গিয়ে উঠেন।”

তুলা মিয়াকে জিজ্ঞাসাবাদের বরাতে পিবিআই কর্মকর্তা আরও বলেন, আহত সাবিনা সেখান থেকে বের হওয়ার সময় বলে যান, তিনি থানায় গিয়ে খালু সুজনের বিরুদ্ধে মামলা করবেন। এরপর তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। তখন সুজন, তুলা মিয়া ও কয়েকজন সাবিনাকে খুঁজতে বের হন। গভীর রাতে তারা সাবিনাকে শ্রীপুর উপজেলার রাজাবাড়ী বাজারে দেখতে পান। তখন সবাই তাকে বাসায় ফেরার কথা বলেন। কিন্তু সাবিনা ফিরতে অস্বীকৃতি জানান এবং মামলা করবেন বলে জানান।

এরপরই আসামিরা সাবিনাকে রাজাবাড়ীর পুকুর পাড়ে নিয়ে শ্বাসরোধে হত্যা করে মরদেহ সিমেন্টের খুঁটির সঙ্গে বেঁধে পানিতে ডুবিয়ে দেন বলে জানান পিবিআইয়ের পুলিশ সুপার।   

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের এসআই মো. জহিরুল ইসলাম বলেন, “পাঁচজন মিলে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এদের মধ্যে তুলা মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। সাবিনার খালু সুজনসহ বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

তবে মামলার স্বার্থে বাকি তিন আসামির নাম জানাননি তদন্ত কর্মকর্তা। তিনি আরও বলেন, “এই হত্যাকাণ্ডের পর তার খালু সুজন রটিয়েছিল যে, সাবিনা নতুন ভাড়া বাসা খুঁজতে বের হয়ে আর ফিরেননি। কিন্তু তদন্তে বের হয়ে এসেছে, মারধরের পর খালুর বিরুদ্ধে মামলা করতে বাসা থেকে বের হয়েছিলেন সাবিনা।”