Published : 12 Jun 2023, 12:00 AM
নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ সোমবার। সকাল ৮টায় শুরু হয়ে একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে।
এবারের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র পদপ্রার্থীর সঙ্গে ভোটের মাঠে রয়েছেন তিন স্বতন্ত্র প্রার্থী; যারা প্রত্যেকেই স্থানীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেই জড়িত।
পৌরসভার বর্তমান মেয়র সুন্দর আলী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে এবারও নৌকা প্রতীকে লড়ছেন৷
অন্য তিন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে প্রার্থী হাবিবুর রহমান এ পৌরসভার সাবেক মেয়র৷ তিনি লড়ছেন ‘জগ’ প্রতীকে৷ হাবিবুর রহমান উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি৷
এ ছাড়া আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মামুন অর রশীদ ‘মোবাইল ফোন’ প্রতীকে এবং পৌর আওয়ামী লীগের সভাপতি মেহের আলী মোল্লা লড়ছেন ‘নারকেল গাছ’ প্রতীকে৷
স্বতন্ত্র তিন প্রার্থীর অভিযোগ, নৌকার প্রার্থী ও তার লোকজন স্বতন্ত্র প্রার্থীদের পোলিং এজেন্টদের কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দিচ্ছেন৷
ফলে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার আশ্বাস দিলেও শেষ পর্যন্ত তা নিয়ে শঙ্কায় রয়েছেন এই তিন মেয়র প্রার্থী৷
সুষ্ঠু নির্বাচন হলে চার মেয়র প্রার্থীই জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন৷
স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান বলেন, “নৌকার প্রার্থী ও কর্মী-সমর্থকেরা আমাদের কর্মী-এজেন্টদের এলাকা ছাড়ার হুমকি দিচ্ছে৷ কেন্দ্রে পোলিং এজেন্ট থাকতে দেবে না, এমনটাও বলছে৷ স্থানীয় জনপ্রতিনিধিরাও নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সাধারণ ভোটারদের প্রভাবিত করে আসছেন, ক্ষমতার অপব্যবহার করছেন৷
“প্রশাসন ও নির্বাচন কমিশন আমাদের বারবারই সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিচ্ছেন৷ কিন্তু আমরা শতভাগ ভরসা পাচ্ছি না৷ তারপরও আমরা ভোটারদের কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছি৷”
প্রায় একই কথা বললেন অপর দুই স্বতন্ত্র প্রার্থী মেহের আলী ও মামুন অর রশীদ৷
এ পৌরসভায় নয়টি সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন ও তিনটি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন৷
তবে রিটার্নিং কর্মকর্তা রবিউল আলম জানিয়েছেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, “ভোট গ্রহণের শুরু থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট, ব়্যাব, পুলিশ ও বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করবেন৷ এরই মধ্যে তারা নির্বাচনী এলাকায় পৌঁছেছেন৷”
স্বতন্ত্র তিন প্রার্থীর অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “এমন কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি৷ নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রয়েছে৷ একটি মডেল নির্বাচন আমরা উপহার দেব৷”
আড়াইহাজার পৌরসভা র্নিবাচনে মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৪৬৫ জন। এর মধ্যে পুরুষ ১২ হাজার ৪৮ জন এবং নারী ১২ হাজার ৪১৭ জন।
চনপাড়ায় বজলুরের ফাঁকা আসনে উপনির্বাচনে ১৬ প্রার্থী
রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপনির্বাচনেরও ভোটগ্রহণ হবে সোমবার৷ কায়েতপাড়ার এ ওয়ার্ডটি পড়েছে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ভেতর৷
এই ওয়ার্ডের সদস্য ছিলেন চনপাড়ার মাদক ব্যবসার নিয়ন্ত্রক বজলুর রহমান৷ গত ৩১ মার্চ বজলুর রহমানের মৃত্যু হলে এ পদটি শূন্য ঘোষণা করা হয়৷
এ পদের জন্য লড়ছেন ১৬ জন৷ তাদের মধ্যে মাদক ব্যবসার সঙ্গে জড়িত প্রার্থীও রয়েছেন বলে অভিযোগ রয়েছে।
নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা তাজাল্লি ইসলাম জানান, ওয়ার্ডটিতে মোট ভোটার ২২ হাজার ৭ জন। মোট ১০টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ করা হবে।
আলোচিত চনপাড়ায় শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (‘গ’সার্কেল) আবির হোসেন।
তিনি জানান, পুলিশ ও র্যাবের পাশাপাশি চনপাড়ায় বিজিবি সদস্যের টহল থাকবে।
তিনি বলেন, “তফসিল ঘোষণার পর থেকেই চনপাড়া নিয়ে আমরা খুবই সতর্ক৷ এখন পর্যন্ত কোনো প্রকার বিশৃঙ্খলা হয়নি৷ ভোটগ্রহণও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে৷ এজন্য সবধরনের প্রস্তুতি আমাদের আছে৷”