“ন্যায়সংগত দাবি আদায়ে সাঁওতালদের ঐক্যবদ্ধ থাকতে হবে“
বক্তারা ২০১৬ সালের ৬ নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জে তিন সাঁওতাল হত্যার বিচার দাবি করেন।
ন্যায়সংগত দাবি আদায়ে সাঁওতালদের ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক এম এম আকাশ।
রোববার দুপুরে সাঁওতাল হত্যা দিবস উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান এসব কথা বলেন।
তিনি বলেন, কারখানা বন্ধ হয়ে যাওয়ায় চুক্তি অনুযায়ী রংপুর চিনিকলের বাগদাফার্মের এই জমির মালিক এখন আদিবাসীরা।“
এম এম আকাশ সাঁওতালদের উদ্দেশে বলেন, “পৃথিবীতে দুইটা জাতি আছে। একটা লোভী বড়লোক, আরেকটা হল নির্লোভ দরিদ্র। নির্লোভ দরিদ্র আপনারা, চিনিকলের সঙ্গে চুক্তি অনুযায়ী একসময় এই জমি থেকে দূরে চলে গেছেন। কিন্তু চিনিকল বন্ধ হয়ে যাওয়ায় আবার এখন আসছেন; আপনাদের হক কায়েম করার চেষ্টা করছেন।”
“আর লোভী বড়লোকরা ভেবেছে আরে এখনে তো অনেক জমি পাওয়া যাবে; এখানে তো অনেক মধু আছে। সুতরাং অনেক মৌমাছি এখানে এসে ভিড় করেছে।”
সাঁওতাল হত্যার ন্যায়বিচারের জন্য সংগ্রাম অব্যাহত রাখতে হবে উল্লেখ করে অধ্যাপক আকাশ বলেন, ২০১৬ সালের ৬ নভেম্বর হত্যাকাণ্ডের বিচার করতে হবে।
২০১৬ সালের এই দিনে পুলিশ ও চিনিকলের লোকজন গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ বাগদাফার্ম এলাকায় চিনিকলের জমিতে বসবাসরত সাঁওতালদের ওপর হামলা, লুটপাট ও বাড়িঘরে অগ্নিসংযোগ করে বলে অভিযোগ রয়েছে। এ সময় সাঁওতালরা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে। এতে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হন।
আহতদের মধ্যে নয়জন পুলিশ সদস্য তীরবিদ্ধ ও চারজন সাঁওতাল গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ তিন সাঁওতাল শ্যামল, মঙ্গল ও রমেশ মারা যান। পরে পুলিশ চিনিকলের জমিতে গড়ে তোলা বসতি থেকে সাঁওতালদের উচ্ছেদ করা হয়।
এ ঘটনায় সাঁওতালদের পক্ষে স্বপন মুর্মু বাদী হয়ে ২০১৬ সালের ১৬ নভেম্বর অজ্ঞাত পরিচয় ৬০০ জনকে আসামি করে মামলা করেন। একই ঘটনায় ১০ দিন পর ২৬ নভেম্বর থোমাস হেমব্রম বাদী হয়ে ৩৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০-৬০০ জনকে আসামি করে আরেকটি মামলা করেন।
সাঁওতালরা নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করেছেন। এ উপলক্ষে গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ হাইওয়ে সংলগ্ন মাঠে তিন সাঁওতাল হত্যার বিচার দাবিতে সমাবেশে সভাপতিত্ব করেন সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি বার্নাবাস টুডু।
এ সমাবেশে আরও বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ, আদিবাসী ইউনিয়নের সভাপতি শ্রীকান্ত মাহাতো, সিপিবির গাইবান্ধা জেলার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম প্রধান।
একই দিন একই দাবিতে গোবিন্দগঞ্জের কাটামোড়ে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে সাঁওতাল হত্যা দিবস পালন করে সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, জাতীয় আদিবাসী পরিষদ, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি), কাপেং ফাউন্ডেশন, গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদ ও নাগরিক সংগঠন জনউদ্যোগ।
এ উপলক্ষে সকাল ৮টায় উপজেলার জয়পুর গ্রামে নির্মিত অস্থায়ী শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন ও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। সকাল ৯টায় সাঁওতাল পল্লী মাদারপুর ও জয়পুর গ্রাম থেকে তীর-ধনুক, ব্যানার, বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত ফেস্টুন শোভিত একটি শোক মিছিল বের হয়। মিছিলটি গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের কাটামোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সকাল ১০টায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সমাবেশে সভাপতিত্ব করেন সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে। বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস, এএলআরডির প্রধান নির্বাহী ভূমি অধিকার কর্মী শামসুল হুদা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য কাজল দেবনাথ, জেলা জাসদের সভাপতি গোলাম মারুফ মনা, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক সিরাজুল ইসলাম বাবু, সুপ্রিম কোর্টের আইনজীবী রফিক আহম্মেদ সিরাজী, নাগরিক সংগঠন জনউদ্যোগের সদস্যসচিব প্রবীর চক্রবর্তী, আদিবাসী নেতা অ্যাডভোকেট প্রভাত টুডু, সুফল হেমব্রম, প্রিসিলা মুর্মু, সন্ধ্যা মালো, গৌড়চন্দ্র পাহাড়ী, স্বপন শেখ।
সভায় বক্তারা বলেন, তিন সাঁওতাল হত্যার বিচারের দাবিতে দীর্ঘ ছয় বছর আদালতসহ সরকারের বিভিন্ন দপ্তরের দ্বারস্থ হয়েছেন স্বজনরা। কিন্তু বিচারের নামে শুধু টালবাহানা করা হচ্ছে। সাঁওতাল হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে কেউ গ্রেপ্তার করছে না। এ নিয়ে সাঁওতালদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
