রাজশাহী মেডিকেলে একদিনে ২ ডেঙ্গু রোগীর মৃত্যু
এ হাসপাতালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো তিনজনে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।
নিহত দুইজনই চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাসিন্দা, তারা ঢাকা থেকে ফিরে জ্বরে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ইনচার্জ অধ্যাপক ডা. তানজিমুল বারি।
নিহতরা হলেন- গোমস্তাপুর উপজেলার ফুলবাড়িয়া গ্রামের আইয়ুব আলী ও রহনপুর পৌরসভার আলীনগর মহল্লার সৈকত। আইয়ুব আলী মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ও সৈকত বুধবার ভোর সোয়া ৪টার দিকে মারা যান।
ডা. তানজিমুল বারি বলেন, মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে সৈকতকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে রাতে তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে তাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেলে রেফার্ড করা হয়।
অন্যদিকে আইয়ুব আলী সোমবার রাতে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হন। এর আগে শনিবার তাকে ডেঙ্গু জ্বর নিয়ে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তিনি বলেন, আইয়ুব আলী ১৫ দিন আগে ঢাকায় গিয়েছিলেন। ঢাকায় পাঁচদিন অবস্থান করে বাড়ি আসেন। এর পর থেকে তার জ্বর শুরু হয়।
হাসপাতালের পরিচালক এফএমএ শামীম আহমেদ জানান, এ নিয়ে রামেক হাসপাতালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো তিনজনে। এর আগে গত ৮ জুলাই রাজশাহীর বাঘার এক যুবক ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, রোগীর চাপ বাড়ায় হাসপাতালের চারটি ওয়ার্ডকে ডেঙ্গু ওয়ার্ড ঘোষণা করা হয়েছে। বুধবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন আরও ৩০ জন ডেঙ্গু রোগী। বর্তমানে সেখানে ৮০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।
পরিচালক শামীম জানান, এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া ৪৭৩ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯০ জন। চিকিৎসা নেওয়াদের মধ্যে ১৫৯ জন স্থানীয়ভাবে আক্রান্ত।
আরও পড়ুন
