রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে একজনের মৃত্যু
এ নিয়ে রামেক হাসপাতালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাড়ালো দুইজনে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক এফএমএ শামীম আহমেদ।
মারা যাওয়া আইয়ুব আলী (৪০) চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা। ১৫ দিন আগে তিনি ঢাকায় গিয়েছিলেন। ঢাকায় পাঁচদিন অবস্থান করে বাড়ি আসেন। এর পর থেকে তার জ্বর শুরু হয়।
এফএমএ শামীম আহমেদ বলেন, আইয়ুব আলীকে শনিবার ডেঙ্গু জ্বর নিয়ে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরে হাসপাতালে চিকিৎসাধীন আইয়ুব আলী মঙ্গলবার সন্ধ্যায় মারা যান। এ নিয়ে রামেক হাসপাতালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাড়ালো দুইজনে। এর আগে গত ৮ জুলাই রাজশাহীর বাঘার এক যুবক ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন ৭৩ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১৬ জন। সুস্থ্য হয়ে বাড়ি গেছেন ১০ জন এবং মারা গেছেন একজন।
