২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মারধর-ভাঙচুর: জামালপুর জেনারেল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট পালন

“হাসপাতাল কর্তৃপক্ষ প্রায় আট ঘণ্টা মরদেহ আটকে রাখে।”

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2024, 05:40 PM

Updated : 12 Mar 2024, 05:48 PM

রোগীর মৃত্যুকে কেন্দ্র করে জামালপুর জেনারেল হাসপাতালে ভাঙচুর ও চিকিৎসকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকরা ধর্মঘট পালন করেছেন।

মঙ্গলবার সকাল ৭টা থেকে বেলা ১টা পর্যন্ত তারা এ কর্মসূচি পালন করেন। পরে এ ঘটনায় একজনকে পুলিশের কাছে হস্তান্তরের পর চিকিৎসকরা কাজে যোগ দেন।

এর আগে ভোর সাড়ে ৩টার দিকে এ ভাঙচুর ও হামলার ঘটনায় জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান।

ঘটনার বর্ণনায় মাহফুজুর বলেন, “শহরের রশিদপুর গ্রামের ৬০ বছর বয়সী গুল মাহমুদকে ভোর সাড়ে ৩টায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এ সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মেডিসিন ওয়ার্ডে পাঠান।

“সেখানে কর্তব্যরত চিকিৎসক মঞ্জুরুল হাসান জীবন ও ফাহমিদুল ইসলাম ফাহাদ রোগীকে মৃত ঘোষণা করলে তার স্বজনরা হাসপাতালের চেয়ার টেবিল ভাঙচুর ও হট্টোগোল শুরু করে।”

এ সময় চিকিৎসক মঞ্জুরুল হাসান জীবন ও ফাহমিদুল ইসলাম ফাহাদ এবং অন্য ওয়ার্ড থেকে আসা মো. তুষার আহমেদকে গুল মাহমুদের স্বজনরা মারধর করেন বলেও জানান এ চিকিৎসক।

জামালপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহীনুর রহমান শাহীন বলছেন, “ভোরে গুল মাহমুদকে

নিয়ে হাসপাতালে গেলে তিনি মারা যান। তার মৃত্যুর খবর শুনেই স্বজনরা উত্তেজিত হয়ে ভাঙচুর করে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ প্রায় আট ঘণ্টা তার মরদেহ আটকে রাখে।

“এরপর মৃতের বড় ছেলে হায়দার আলীকে পুলিশের কাছে হস্তান্তর করা হলে, হাসপাতাল থেকে দুপুরে মৃতদেহের ছাড়পত্র দেওয়া হয়।”

জামালপুর সদর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর বলেন, “খবর পেয়ে তাদের একটি দল দ্রুত হাসপাতালে যায়।পরে হাসপাতাল কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দায়ের করে।

“এ ঘটনায় একজনকে আটক করা হলেও জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।”

পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।