২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ঢাকা মেডিকেলে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট সাত দিনের জন্য স্থগিত

হাসপাতালের পরিচালকের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা বলেছে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমবায় সমিতি।

ঢাকা মেডিকেলে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট সাত দিনের জন্য স্থগিত

অ্যাম্বুলেন্স চালকদের ধর্মঘটের কারণে বিপাকে পড়েন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের রোগী ও স্বজনরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Oct 2026, 07:14 PM

Updated : 28 Oct 2026, 07:13 PM

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চলমান বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট আগামী সাত দিনের জন্য স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমবায় সমিতি।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাদল মাতবর বুধবার সন্ধ্যার দিকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেন, “দূর-দূরান্ত থেকে আসা রোগী ও তাদের স্বজনদের চরম ভোগান্তির কথা চিন্তা করে আমরা মানবিক কারণে এই সিদ্ধান্ত নিয়েছি।”

এর আগে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘটের ফলে সৃষ্ট পরিস্থিতি নিরসনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেনের সঙ্গে বৈঠকে বসেন মালিক সমিতির নেতারা। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর সমিতির সদস্যরা নিজেদের মধ্যে বৈঠক করে ধর্মঘট স্থগিতের এই সিদ্ধান্ত নেন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন বলেন, “আগামী সাতদিন হাসপাতালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে এবং এরপর পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।”

তিনি জোর দিয়ে বলেন, “হাসপাতাল হচ্ছে রোগীদের মূল সেবাকেন্দ্র। এখানে চিকিৎসাসেবায় কোনো ধরনের ব্যাঘাত ঘটুক, তা কর্তৃপক্ষ কোনোভাবেই চায় না।”

এর আগে ঢামেক হাসপাতাল চত্বরে অ্যাম্বুলেন্সের স্থায়ী পার্কিংয়ের দাবিতে মঙ্গলবার সন্ধ্যা থেকে ধর্মঘটের ডাক দিয়েছিল মালিক সমিতি। এর ফলে ওইদিন সন্ধ্যা থেকে বুধবার বিকাল পর্যন্ত মারাত্মক ভোগান্তির মধ্যে পড়েন বহু রোগী ও তাদের স্বজনরা।

চালকরা হাসপাতাল প্রাঙ্গণ থেকে অ্যাম্বুলেন্স সরিয়ে নেওয়ায় সকাল থেকে দুপুর গড়িয়ে গেলেও কোনো আ্যম্বুলেন্স মিলছিল না। ফলে মরদেহ বাড়ি নিয়ে যাওয়া কিংবা গুরুতর আহত ও অক্সিজেননির্ভর মুমূর্ষু রোগীকে জরুরি ভিত্তিতে অন্য হাসপাতালে স্থানান্তর করতে না পেরে অনেকেই ভোগান্তির স্বীকার হন।

অ্যাম্বুলেন্স না পেয়ে অনেক মুমূর্ষু রোগীকে সিএনজি অটোরিক্সা করেও অন্য হাসপাতাল বা গন্তব্যে স্থানান্তর করতে দেখা যায়।

ধর্মঘট স্থগিতের ফলে সন্ধ্যা থেকে অ্যাম্বুলেন্স চলাচল এবং জরুরি রোগী স্থানান্তর প্রক্রিয়া স্বাভাবিক হচ্ছে।