ঝিনাইদহে শহীদদের শ্রদ্ধা জানাতে এসে সংঘর্ষে বিএনপি-ছাত্রলীগ, আহত ৬
এ সময় একটি হাতবোমার বিস্ফোরণও ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় শহীদ মিনারে ফুল দিতে এসে বিএনপি ও ছাত্রলীগের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়েছেন; এ সময় আহত হয়েছেন ছয়জন।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সরকারি মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে বলে কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান।
স্থানীয়রা জানায়, সরকারি মাহাতাব উদ্দিন কলেজের শহীদ মিনারে ফুল দিয়ে বের হচ্ছিল বিএনপির নেতাকর্মীরা। এ সময় কলেজের গেইটের সামনে পৌঁছায় ছাত্রলীগের নেতাকর্মীরা।
দুই পক্ষ মুখোমুখি হতেই শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। চলে ইট-পাটকেল নিক্ষেপ। এ সময় একটি হাতবোমার বিস্ফোরণও ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে দুজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে ছাত্রলীগকর্মী ইরফান রাজা রুকুর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। অন্যরা ক্লিনিকে চিকিৎসা নেয়।
কালীগঞ্জ থানার ওসি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম ফিরোজ বলেন, শহীদ মিনারে ফুল দিয়ে বের হওয়ার সময় ছাত্রলীগের মিছিল তাদের ওপর হামলা করে। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
অপরদিকে কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আশরাফুল আলম বলেন, সকালে কালীগঞ্জ কাঁচাবাজারে বিএনপি নেতাকর্মীরা ছাত্রলীগ কর্মী ইরফান রাজা রুকুকে কুপিয়ে মারাত্মক জখম করে।
তারা প্রশাসনের আয়োজনে বের হওয়া শোভাযাত্রায়ও হামলা করে বলে অভিযোগ করেন মেয়র।
