এক রাতে বিয়ে বাড়িসহ ৪ প্রতিষ্ঠানে ‘ডাকাতি'
ডাকাতরা গভীর রাতে ট্রলার ও স্পিডবোটে এসে হামলা করে; বিয়ে বাড়ি থেকে তারা প্রায় ১২ ভরি স্বর্ণালংকার লুট করেছে।
বরিশালের দুই উপজেলায় একটি বিয়ে বাড়িসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।
উজিরপুর উপজেলার শিকারপুর বন্দরের চারটি ব্যবসা প্রতিষ্ঠান ও বাবুগঞ্জ উপজেলার বিয়ে বাড়িতে শনিবার গভীর রাতে এ ডাকাতির ঘটনা ঘটে বলে স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা জানিয়েছেন।
ঘটনার বর্ণনায় শিকারপুর বন্দর বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক শাকিল মাহমুদ বাচ্চু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্পিডবোট ও ট্রলারে করে বন্দুক ও আগ্নেয়াস্ত্র নিয়ে ৩০ থেকে ৩৫ জনের একটি ডাকাত দল রাত আড়াইটার দিকে বন্দরে হানা দেয়। তারা নিরাপত্তা প্রহরী ও পথচারীসহ অন্তত ৩০ জনকে ‘মদিনা ভ্যারাইটিজ স্টোর্সে’ নিয়ে বেঁধে রাখে।
পরে ডাকাতরা ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং প্রতিষ্ঠান এবং কনিকা, রিয়া ও আহম্মেদ জুয়েলার্স দোকোনের তালা কেটে স্বর্ণালংকার, টাকা ও মালামাল লুট করে।
এরপর ডাকাতরা বন্দরের রুপালী ব্যাংকের শাখায় হানা দিলে সেখানে নিরাপত্তা প্রহরী মিরাজের চিৎকারে আশে-পাশের লোকজন এগিয়ে আসে। এ সময় ডাকাতরা পালিয়ে যায় বলে জানান বাচ্চু।
কনিকা জুয়েলার্সের মালিক জামাল সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডাকাতরা তার দোকান থেকে থেকে ২-৩ ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা লুট করেছে।
রিয়া জুয়েলার্স থেকে দেড় থেকে দুই ভরি ওজনের স্বর্ণালংকার ও ১২ ভরি রুপার অলংকার লুট হয়েছে বলে মালিক সিরাজুল ইসলাম জানিয়েছেন।
আর আহম্মেদ জুয়েলার্সের মালিক জনির ভাষ্য, তার দোকান থেকে এক ভরির মতো স্বর্ণালংকার, ৮০ ভরি রুপার অলংকার ও নগদ ৪০ হাজার টাকা লুট করেছে ডাকাতরা।
ডাকাতরা বন্দরের বিভিন্ন ফলে ও মিষ্টির দোকানেও লুটপাট চালিয়েছে বলে জানান তিনি।
এদিকে শিকারপুর বন্দরের ঘটনাটিকে চুরি বলে দাবি করেছেন উজিরপুর থানার ওসি কামরুল হাসান। তার ভাষ্য, “প্রহরীদের বেঁধে চোর মোট দুই-তিন ভরি স্বর্ণালংকার চুরি করেছে।”
যদিও ওসির এ দাবি অস্বীকার করে বন্দরের ব্যবসায়ীরা বলছেন, পুলিশ ডাকাতির ঘটনা ‘ধামাচাপা’ দেওয়ার চেষ্টা করেছে।
এদিকে বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব ভুতেরদিয়া গ্রামের মজিবর খানের বাড়িতে ১২ ভরি স্বর্ণালংকার ও পাঁচ লাখ টাকা ডাকাতির খবর জানিয়েছেন ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রোকন মৃধা।
রোকন মৃধা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার মজিবর খানের ছেলে মালেয়শিয়া প্রবাসী রাসেল খানের বৌ-ভাতের অনুষ্ঠান হওয়ার কথা। শনিবার রাতে ডাকাত দল স্পিডবোট নিয়ে ওই বাড়িতে হানা দেয়।
“তারা বিয়ে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ পাঁচ লাখ টাকা এবং নববধূসহ অতিথিদের ১০-১২ ভরি স্বর্ণালংকার ও সাতটি মোবাইল ফোন নিয়ে গেছে।”
পরে লোকজন টের পেয়ে মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিলে ডাকাতরা তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় বলে জানান ইউপি সদস্য। শিকারপুর বন্দরে ডাকাতির পর ডাকাত দল মজিবর খানের বাড়িতে হানা দেয় বলে ধারণা তার।
এ বিষয়ে বরিশালের পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে তিনি বাবুগঞ্জে গিয়েছেন। আর উজিরপুরেও পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।
