ছাগলের চামড়া বিক্রি না হলে মাটিচাপা দিতে বলছে বরিশাল সিটি কর্তৃপক্ষ
“ছাগলের চামড়ার কোনো দাম নেই। তাই ছাগলের চামড়া সংগ্রহ করি না।“
গত কয়েক বছর ধরেই ব্যবসায়ীরা কোরবানির ছাগলের চামড়া প্রায় কিনছেন না। বাধ্য হয়ে বিক্রেতা এসব চামড়া বাজারেই ফেলে যান, যাতে ক্ষতি হয় পরিবেশের।
সেই অভিজ্ঞতা থেকেই পরিবেশ দূষণ এড়াতে এবার ছাগলের চামড়া মাটিচাপা দেওয়ার পরামর্শ দিচ্ছেন বরিশাল সিটি করপোরেশনে পরিচ্ছন্ন কর্মকর্তারা।
কথা বলে জানা গেছে, এবারের কোরবানিকে ছাগলের চামড়া সংগ্রহ করার কোনো লক্ষ্যই নেই এতিমখানা, মাদ্রাসাসহ চামড়া ব্যবসায়ীদের।
জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য মতে, গত বছর বরিশাল জেলায় প্রায় এক লাখ পশু কোরবানি দেওয়া হয়েছে। এরমধ্যে ১৫ থেকে ১৬ হাজার ছিলো ছাগল ও খাশি। এবারও প্রায় কাছাকাছি পশু কোরবানি হবে বলে ধারণা করা হচ্ছে।
বরিশাল নগরীর চামড়া ব্যবসায়ী হাজী বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাগলের চামড়ার কোনো দাম নেই। তাই ছাগলের চামড়া সংগ্রহ করি না। ঈদুল ফিতরের সময় পাঁচটি চামড়া সংগ্রহ করেছিলাম। সেই চামড়া এখনও বিক্রি করতে পারিনি।
কেন ছাগলের চামড়ার দাম নেই জানতে চাইলে এই ব্যবসায়ী বলেন, “এটা সরকার ও বাণিজ্য মন্ত্রনালয় ভালো বলতে পারবে।”
তিনি জানান, আগে একটি ছাগল বা খাসির চামড়া ৩০০ থেকে সাড়ে ৩০০ টাকায় বেচা-বিক্রি হত। সেই চামড়া ইতালি ও চীনে রপ্তানি হত। এখন কেউ নেয় না। তাই ছাগলের চামড়ার কোনো দাম নেই।
মাদ্রাসা থেকে গরুর চামড়ার সঙ্গে ছাগল ও খাসির চামড়া ফ্রি দিয়ে দেয়। পরে সেগুলো নৌকা ও ট্রলারে ভরে নদীতে ফেলে দিয়ে আসেন বলে জানিয়েছেন তিনি।
সম্পর্কের খাতিরে ছাগলের চামড়া নিয়ে আসা লাগে বলে জানান নগরীর বেলতলা এলাকার জামেয়া মাহমুদিয়া মাদ্রাসার মুফতি আতিকুল্লাহ কাসেমী।
তিনি বলেন, “কোরবানি দেওয়ার পর ফোন করে চামড়া আনার জন্য যেতে বলে। তখন গরুর পাশাপাশি ছাগলের চামড়াও আনতে বলে। তাই মানবিক দিক ও দেশের সম্পদ বিবেচনায় চামড়া নিয়ে আসা হয়।
“একটি ছাগলের চামড়া আনা-নেওয়া, পরিবহন ও সংরক্ষণে ২০০ টাকা ব্যয় হয়। কিন্তু ক্রেতারা কোনো দাম দেয় না। মাদ্রাসায় গত বছর ২০০ মত ছাগলের চামড়া এসেছিল। সেই চামড়ার কোনো দামই পাওয়া যায়নি।“
মুফতি আতিকুল্লাহ কাসেমীর দাবি, সিন্ডিকেট করে ছাগলের চামড়া মূল্যহীন করা হয়েছে। দেশের সব কিছুর দাম বাড়লেও চামড়ার দাম কমে গেছে।
তিনি আরও বলেন, “এমন সময় গিয়েছে, একটি গরুর চামড়া ২২০০ থেকে ২৩০০ টাকায় বিক্রি হয়েছে। সেই চামড়া এখন ৫০০ টাকায়ও বিক্রি করা যায় না। দেশের সম্পদ চামড়া রক্ষায় সরকারের পদক্ষেপ নেওয়া জরুরি।”
বরিশাল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নুরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাগলের চামড়ার দাম না থাকায় যত্রতত্র ফেলে দেওয়া হয়। এতে পরিবেশ দূষণ হয়। এবার যেন তেমনটা না হয়।
সেজন্য জেলা প্রশাসকের সঙ্গে পাঁচটি দপ্তরের সভায় নানা দিক-নির্দেশনা দেওয়া হয়েছে। মানুষকে সচেতন করাসহ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা যেন এসব চামড়া সংগ্রহ করে সেই আহ্বানও জানানো হয়েছে বলে জানান নুরুল আলম।
ছাগলের চামড়া সংরক্ষণ কিংবা বিকল্প ব্যবহার করা যায় কিনা জানতে চাইলের প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, “সেটা সম্ভব নয়। চামড়া খাওয়া যায় না। এদেশের মানুষ খায় না। বিকল্প কোনো পন্থা জানা নেই।”
বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা ডা. রবিউল ইসলাম বলেন, “ছাগলের চামড়া কেউ বাজারে ফেলে গেলে আমরা কর্মীদের বলেছি সেটা সংগ্রহ করে নিয়ে আসতে। আমরা গত বছরও ছাগলের চামড়া সংগ্রহ করে মাটিচাপা দিয়েছি। এবারও তাই করা হবে।”
ছাগলের চামড়া সংরক্ষণ কিংবা বিকল্প ব্যবহার জানা নেই উল্লেখ করে পরিচ্ছন্ন কর্মকর্তা কোরবানিদাতাদের উদ্দেশে বলেন, “যদি চামড়া বিক্রি না হয়, তাহলে যত্রতত্র ফেলবেন না। নিরাপদ স্থানে নিয়ে মাটিচাপা দিয়ে রাখুন।”
বরিশালের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোনোভাবেই এখানে-সেখানে ছাগলের চামড়া ফেলে পরিবেশ দূষণ করা যাবে না। সেটা কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।
ছাগলের চামড়া এখানে-সেখানে ফেলে রাখলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন জেলা প্রশাসক।
