১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

মোসাদ্দেকের ৭ ছক্কায় অপরাজিত ১৩৭, মিমের সাতে সাত

চমৎকার ব্যাটিংয়ে সেঞ্চুরির দেখা পেলেন মোসাদ্দেক হোসেন, ধারাবাহিক পথচলায় আরেকটি ফিফটি করলেন মিম মোসাদ্দেক। 

মোসাদ্দেকের ৭ ছক্কায় অপরাজিত ১৩৭, মিমের সাতে সাত

চমৎকার সেঞ্চুরিতে ময়মনসংহকে টানছেন মোসাদ্দেক হোসেন। ছবি: বিসিবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Nov 2026, 07:04 PM

Updated : 14 Nov 2026, 07:04 PM

একের পর এক ব্যাটসম্যানের আসা-যাওয়ার ভিড়ে প্রতিরোধ গড়লেন মোসাদ্দেক হোসেন। লেজের সারির ব্যাটসম্যান আরিফুল ইসলামকে নিয়ে গড়লেন দারুণ জুটি। আর নিজে খেললেন শতক পেরিয়ে চমৎকার এক ইনিংস। 

জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডের প্রথম দিন মোসাদ্দেক ছাড়া তিন অঙ্ক ছুঁতে পারেননি আর কেউ। উড়ন্ত পথচলায় টানা সপ্তম ম্যাচে ফিফটির দেখা পেলেন মিম মোসাদ্দেক। 

মোসাদ্দেকের সেঞ্চুরি

সিলেট একাডেমি মাঠে রাজশাহীর বিপক্ষে প্রথম দিন ৭ উইকেটে ৩০৯ রান করেছে ময়মনসিংহ। অষ্টম উইকেটে অবিচ্ছিন্ন জুটিতে আরিফুলকে নিয়ে ১১৮ রান যোগ করেছেন মোসাদ্দেক।

দিন শেষে ১৩ চার ও ৭ ছক্কায় ১৫০ বলে ১৩৭ রানে অপরাজিত অভিজ্ঞ এই অলরাউন্ডার। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার ১২তম সেঞ্চুরি। 

এছাড়া ভালো শুরু করলেও ইনিংস টেনে নিতে পারেননি মোহাম্মদ ফাহিম ও আলআমিন। ফাহিম ৩৫ ও আলআমিন ৩৯ রান করে আউট হন। আরিফুল অপরাজিত ২৯ রানে।

সংক্ষিপ্ত স্কোর

ময়মনসিংহ ১ম ইনিংস: ৭৭ ওভারে ৩০৯/৭ (খালিদ ১০, মজিদ ১৬, ফাহিম ৩৫, আলআমিন ৩৯, শুভাগত ১৫, মোসাদ্দেক ১৩৭*, আবু হায়দার ১৭, মোসাব্বেক ৮, আরিফুল ২৯*; শ্রাবণ ১২-০-৫৬-১, শফিকুল ১৮-১-৮৫-২, মোহর ১৩-১-৪৪-১, নিহাদ ২৫-৪-৯০-২, ওয়াসি ৬-১-২৭-১, রহিম ৩-১-৬-০) 

মিমের সাতে সাত

চলতি লিগের শুরু থেকেই দারুণ ছন্দে মিম মোসাদ্দেক। শেষ রাউন্ডেও তিনি পেলেন পঞ্চাশের দেখা। এ নিয়ে টুর্নামেন্টের সাত ম্যাচের প্রতিটিতে অন্তত ফিফটি করলেন ৩১ বছর বয়সী ওপেনার।

মিম ছাড়াও এদিন পঞ্চাশ পেরিয়ে যান আবদুল্লাহ আল মামুন ও নাসির হোসেন। তবে তিন জনের কেউ তিন অঙ্কে পৌঁছাতে পারেননি। 

দিন শেষে বর্তমান চ্যাম্পিয়ন রংপুরের সংগ্রহ ৭ উইকেটে ৩২০ রান। 

ভালো শুরুর পরও ৫৪ রানে থেমে যান মিম। চলতি লিগে এখন পর্যন্ত তার সংগ্রহ ৭৮১ রান। চার নম্বরে নেমে অধিনায়ক আবদুল্লাহ আল মামুন খেলেন ৭৩ রানের ইনিংস। এছাড়া নাসিরের ব্যাট থেকে আসে ৫৭ রান। 

দিনের শেষভাগে ঝড় তুলে ২৫ বলে ৩৫ রানে অপরাজিত আবু হাশিম।

সংক্ষিপ্ত স্কোর

রংপুর ১ম ইনিংস: ৮২ ওভারে ৩২০/৭ (ইকবাল ৩৯, মিম ৫৪, শামস ২, মামুন ৭৩, আকবর ২০, নাসির ৫৭, তাফসির ১৮, হাশিম ৩৫*, মেহেদি ১০*; সফর ১৪-৩-৫৩-২, মেহেদি ১৩-৩-৪৩-০, সৌম্য ১৩-৩-৬৩-১, জিয়াউর ১২-০-৫৯-১, নাহিদুল ৮-৩-৩৪-১, পারভেজ ২০-৫-৪৮-২, আজিজুল ২-০-১১-০) 

সাদিকুর-পরানের ফিফটি

শিরোপা সম্ভাবনা বাঁচিয়ে রাখতে শেষ ম্যাচে বোনাস পয়েন্টসহ জিততে হবে চট্টগ্রামের। সেই অভিযানে তাদের শুরুটা তেমন ভালো হয়নি। প্রথম দিনে ২৮৮ রানে গুঁড়িয়ে গেছে এখনও জাতীয় লিগে চ্যাম্পিয়ন হতে না পারা দলটি। 

বাঁহাতি ওপেনার সাদিকুর রহমান খেলেন ৫৮ রানের ইনিংস। চলতি লিগে এটি তার ষষ্ঠ পঞ্চাশছোঁয়া ইনিংস। এছাড়া সাত নম্বরে নেমে শাহ পরান করেন ৭৮ রান। ১০৭ বলের ইনিংসে ৭ চারের সঙ্গে ২টি ছক্কা মারেন তিনি। 

শেষ দিকে আশরাফুল হাসান ৪৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেললে তিনশর কাছে পৌঁছায় চট্টগ্রাম।

সংক্ষিপ্ত স্কোর

চট্টগ্রাম ১ম ইনিংস: ৭৩.১ ওভারে ২৮৮ (সাদিকুর ৫৮, সাদ্দাম ০, ইরফান ১২, ওমর ৩১, সাব্বির ৭, নাঈম ২৮, পরান ৭৮, মুরাদ ৬, আশরাফুল ৪৪, ইফরান ১৪, সানজিদ ০*; সুমন ১৯-২-৭৯-৩, শাকিল ১০.১-১-৫৫-২, এনামুল ১৩-২-৪১-০, আনিসুল ২-০-১৫-০, ফয়সাল ৫-০-২২-১, মাহফুজুর ১১-১-৪২-১, ইয়াসিন ১২-১-২৬-১, তাইবুর ১-০-১-১) 

ঢাকা ১ম ইনিংস: ৮ ওভারে ২৪/০ (আদিল ৬*, আনিসুল ১৮*; ইফরান ৩-০-৮-০, সানজিদ ৩-০-১১-০, মুরাদ ১-০-১-০, নাঈম ১-০-৪-০)

বরিশাল-সিলেট

খুলনা বিভাগীয় স্টেডিয়ামে সিলেটের বিপক্ষে লড়াই করছেন ফজলে মাহমুদ রাব্বি। তার অপরাজিত ফিফটিতে প্রথম দিনে বরিশালের সংগ্রহ ৬ উইকেটে ২০৩ রান। 

ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি হৃদয় ইসলাম ও জাকারিয়া মাসুদ। চার নম্বরে নেমে একপ্রান্ত আগলে রাখেন ফজলে মাহমুদ।

দিন শেষে অভিজ্ঞ ব্যাটসম্যানের সংগ্রহ ২ চার ও ৫ ছক্কায় ১৫৬ বলে ৬৮ রান। 

সংক্ষিপ্ত স্কোর

বরিশাল ১ম ইনিংস: ৭৬ ওভারে ২০৩/৬ (জাওয়াদ ৬, হৃদয় ৩৪, জাকারিয়া ৪৭, ফজলে মাহমুদ ৬৮*, শামসুল ৪, আবদুল্লাহ ১০, মইন ৭, কামরুল ১৬*; আবু জায়েদ ১৩-৩-৩৪-২, নাসুম ১৯-৪-৫৮-২, তোফায়েল ৪-০-১৯-০, রাজা ৪-০-১৯-০, নাঈম ২৪-৯-৪০-২, সৈকত ৪-০-৮-০)