হাসপাতালের লিফটে নবজাতক-বৃদ্ধসহ ১৮ জন আটকা, আধাঘণ্টা পর উদ্ধার
দীর্ঘক্ষণ আটকে থাকায় পর ভয়ে, গরমে ও শ্বাসকষ্টে তাদের বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন।
শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের লিফট কয়েকজন বৃদ্ধ ও দুই দিন বয়সী নবজাতকসহ ১৮ জন আটকে যায়; খবর পেয়ে আধাঘণ্টা পর তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।
শুক্রবার দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক।
অভিযোগ উঠেছে, লিফটে আটকার আধাঘণ্টা পার হয়ে গেলেও হাসপাতাল কর্তৃপক্ষ উদ্ধারের কোনো ব্যবস্থা নেয়নি এবং ফায়ার সার্ভিসেও খবর দেয়নি।
পরে প্রত্যক্ষদর্শীরা খবর দেওয়ার পর ফায়ার সার্ভিসের একটি দল হাসপাতালে গিয়ে পাঁচ মিনিটের মধ্যে লিফটে আটকে পড়াদের উদ্ধার করে।
দীর্ঘক্ষণ আটকে থাকায় পর ভয়ে, গরমে ও শ্বাসকষ্টে তাদের বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। তাদের উদ্ধারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে।
লিফটে আটকা পড়া এক নারী বলেন, “আমার কাছে মনে হয়েছিলো আমি আর কিছুক্ষণ থাকলে মরে যেতাম। অনেক চিল্লাচিল্লি করেও বাইরে থেকে কোনো সাড়া পাচ্ছিলাম না। ভয়ে আমার শরীর আস্তে আস্তে ঠাণ্ডা হয়ে আসছিলো।
“আমরা দরজাতে আঘাত করছিলাম যেন বাইরে থেকে মানুষ বুঝতে পারে। আধাঘণ্টা পর ফায়ার সার্ভিসের লোকজন এসে আমাদের উদ্ধার করলো।”
শেরপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক বলেন, “স্থানীয়রা খবর দেয়ার পর আমাদের একটি দল পাঁচ মিনিটের মধ্যে ১৮ জন আরোহীকে উদ্ধার করে। তাদের মধ্যে বেশ কয়েকজন বৃদ্ধা ও একটি শিশু ছিল।”
এ ব্যাপারে শেরপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জসিম উদ্দিন বলেন, “আটকে থাকার খবর কেউ আমাদের দেয়নি। তাই উদ্ধারে দেরি হয়েছে।”
তিনি দাবি করেন লিফটে মানুষ লোডের চেয়ে অতিরিক্ত উঠায় এই সমস্যা হয়।
তবে লিফট অপারেটর থাকার পরেও কেন এমন হবে- এ প্রশ্নের না দিয়ে তিনি উল্টা দাবি করেন, “মানুষ জোর করে উঠে পড়ে আর বাধা দিলে অপারেটরের উপর হাত তোলে।”
এই ধরনের সমস্যা সমাধানে আরও দুইটি নতুন লিফট লাগানোর কথা জানান তিনি।
তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি লিফট অপারেটর আছে, কিন্তু ভুক্তভোগীদের দাবি বাস্তবে তাদের পাওয়া যায় না।
