ঠাকুরগাঁওয়ে ধানক্ষেতে মিলল অটোরিকশা চালকের লাশ
পুলিশের ধারণা, রিফাতকে গলাকেটে হত্যা করে তার অটোরিকশা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।
ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় ধানক্ষেত থেকে এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার রুহিয়া ইউনিয়নের কুজিশহর ঘুরনগাছ এলাকার সড়কের পাশে লাশটি পাওয়া যায় বলে রুহিয়া থানার ওসি মো. সোহেল রানা জানান।
নিহত রিফাত (২০) ঠাকুরগাঁও পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সেনুয়াপাড়ার নুর আলমের ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি সোহেল রানা বলেন, ধানক্ষেতে রিফাতের লাশটি পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরও বলেন, “ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রিফাতের অটোরিকশা ভাড়ায় নিয়ে ওই এলাকায় তাকে গলাকেটে হত্যা করে। পরে তারা অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।”
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
