২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ‘ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ’ গ্রেপ্তার ১৫

গ্রেপ্তাররা টঙ্গী ও রাজধানীর উত্তরখানের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থেকে ডাকাতি করতেন বলে জানান গাছা থানার এসআই রাজীব।

গাজীপুরে ‘ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ’ গ্রেপ্তার ১৫

টঙ্গী পূর্ব থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৯ জন

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2022, 10:50 PM

Updated : 02 Nov 2022, 10:50 PM

গাজীপুর মহানগর এলাকায় ‘ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ’ ১৫ তরুণ ও যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে নয়জন এবং গাছার শরীফপুর এলাকা থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয় বলে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার (উত্তর) চৌধুরী মো. তানভীর জানান।

টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল ইসলাম জানান, গ্রেপ্তাররা হলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়ী গ্রামের শফিকুল ইসলাম বাবু (১৯), জামালপুর সদর উপজেলার শৈলেরকান্দা (বড়মুক্তা) গ্রামের আব্দুর রহমান আশিক (১৮), রাজবাড়ী এলাকার তৌহিদ (২৮), টঙ্গী পূর্ব থানার আরিচপুর (বউ বাজার) এলাকার সৌরভ (১৯), লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দক্ষিণ সাগরিড়া (মাশিবাড়ী) গ্রামের আল আমিন (২৫), টঙ্গী পূর্ব থানার নোয়াগাঁও এলাকার ইমন (২১), নরসিংদীর মনোহরদী উপজেলার হরিনারায়ণপুর (চানুমিয়ার বাড়ী) গ্রামের আরিফ (১৯), ব্রাহ্মণবাড়ীয়ার বাঞ্ছারামপুর উপজেলার মাছিননগর বাজার এলাকার ইয়াছিন (১৯) এবং জামালপুরের মেলান্দহ উপজেলার কাজিরকাটা (মোল্লাবাড়ী) গ্রামের শাকিল (১৯)।

গাছা থানার ওসি ইব্রাহিম হোসেন জানান, শরীফপুর থেকে গ্রেপ্তাররা হলেন শরীয়তপুরের সখিপুর উপজেলার মোল্লাকান্দী গ্রামের শাহজালাল (২০), গাজীপুর মহানগর গাছা থানার শরীফপুর (রডমিল) এলাকার রাহাত হোসেন শান্ত (১৯), শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বালকাকুড়া গ্রামের ফরহাদ হোসেন (২০), নেত্রকোনার আটপাড়া উপজেলার মল্লিকপুর (সনুই) গ্রামের আমজাদ হোসেন (২৫), জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার দিঘীরপাড় গ্রামের নজরুল ইসলাম (২১) এবং দিনাজপুর জেলা সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের রাব্বী (২০)।

Image

গাছা থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৬ জন

একই থানার এসআই রাজীব হোসেন জানান, গ্রেপ্তারদের কাছ থেকে একটি তলোয়ার, একটি চাইনিজ কুড়াল, তিনটি ছোরা, চারটি সুইচ গিয়ার চাকু, চারটি সাধারণ চাকু এবং দুটি রামদা জব্দ করা হয়।

“গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে ওই এলাকাসহ মহাসড়কে পথচারীদের অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল ফোন, নগদ টাকা, স্বর্ণলংকার ও মূল্যবান জিনিসপত্র লুটে নিতো।”

এরা টঙ্গী ও রাজধানীর উত্তরখানের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থেকে ডাকাতি করতেন বলে জানান এসআই রাজীব।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বুধবার সংশ্লিষ্ট থানায় ডাকাতির প্রস্তুতি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।