‘ঢাকা থেকে চুরি হওয়া’ পিস্তল উদ্ধার বরিশালে, যুবক গ্রেপ্তার
২০১৯ সালে ওই বাসা থেকে ৫৭ লাখ টাকার মালামাল, লাইসেন্স করা একটি পিস্তল ও ৫০টি গুলি চুরি হয় বলে জানায় পিবিআই।
ঢাকার বাসা থেকে প্রায় চার বছর আগে ‘চুরি হওয়া’ অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তার পিস্তল বরিশাল থেকে উদ্ধার করেছে পিবিআই। এ ঘটনায় জড়িত অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার রাতে গৌরনদী উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগরের (উত্তর) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এসআই মাহমুদুর রহমান জানিয়েছেন।
গ্রেপ্তার তারেক হাওলাদার (২১) গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নোয়াপাড়ার বাসিন্দা।
ঢাকা ক্যান্টমেন্ট এলাকার অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল মো. সামসুল হুদার ফ্ল্যাট থেকে ২০১৯ সালের ১৭ সেপ্টেম্বর চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় পরদিন মামলা করেছিলেন সামসুল হুদা।
মামলার বরাতে এসআই মাহমুদুর রহমান বলেন, সামসুল হুদা ওইদিন বিকালে গুলশানে ল্যাবএইডের চেম্বারের উদ্দেশে বাসা থেকে বের হন। পরিবারের অন্য সদস্যরা বিদেশে থাকায় বাসা তালাবদ্ধ করে বের হয়েছিলেন তিনি। রাত ১১টার দিকে ফিরে বাসার তালা ভেতর থেকে আটকানো দেখতে পান। পরে দেখেন পেছনের রুমের গ্রিল কাটা রয়েছে। ওইদিক দিয়ে প্রবেশের পর ঘরের মালামাল এলোমেলো দেখতে পান।
পিবিআইয়ের এই কর্মকর্তা বলেন, গ্রিল কেটে ঘরে চোর প্রবেশ করে নগদ ৩২ লাখ টাকা, কানাডিয়ান দুই হাজার ও ১০০ ইউএস ডলার, ৪৫ ভরি স্বর্ণালংকার, চারটি বিদেশি ঘড়িসহ প্রায় ৫৭ লাখ টাকার মালামাল, ইতালির তৈরি এফএস ৮১ মডেলের লাইসেন্স করা একটি পিস্তল ও ৫০টি গুলি চুরি হয়।
এ ঘটনায় ভাষানটেক থানায় মামলা করার পর বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ২০২০ সালে ৮ মার্চ মামলার তদন্তের দায়িত্ব দেয় পিবিআইকে।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারেক চুরির বিষয়টি স্বীকার করে জানান, ওই বাসা থেকে চুরি করা পিস্তল তার বাড়ির রান্না ঘরের মাটির নিচে পুতে রাখেন। তার দেখানো স্থান থেকে সাড়ে তিনফুট মাটির গর্ত করে পিস্তলটি জব্দ করা হয়। এ ঘটনায় তারেকের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
তারেক একজন পেশাদার চোর ও মাদক ব্যবসায়ী; তার বিরুদ্ধে ভাষানটেক থানায় চুরি ও মাদক ব্যবসার অভিযোগে আরও তিনটি মামলা রয়েছে বলে জানান এসআই মাহমুদুর রহমান।
তিনি বলেন, চুরির ঘটনায় তিনি একাই ছিলেন বলে জিজ্ঞাসাবাদে তারেক স্বীকার করেছেন। কিন্তু সেটা বিশ্বাসযোগ্য নয়। ধারণা করা হচ্ছে, তার সঙ্গে আরও অন্তত ৩/৪ জড়িত রয়েছেন। তাদের নাম পরিচয় বের করার চেষ্টা করা হচ্ছে।
মামলা পিবিআই বরিশাল তদন্ত করবে বলে তারেককে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পিপিআইয়ের এই কর্মকর্তা।
