২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রীর হিজাব ‘কেটে দেওয়ায়’ কুমিল্লা নার্সিং ইন্সটিটিউটে বিক্ষোভ

ছয় শিক্ষককে আটকে রেখে বাইরে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2024, 08:42 PM

Updated : 24 Jan 2024, 08:42 PM

এক শিক্ষার্থীর হিজাব কেটে দেওয়ার অভিযোগে তিন ঘণ্টা শিক্ষকদের অবরুদ্ধ করে বিক্ষোভ দেখিয়েছেন কুমিল্লা নার্সিং ইনস্টিটিউটের একদল শিক্ষার্থী।  

কুমিল্লা মেডিকেল কলেজ সংলগ্ন ওই নার্সিং ইনস্টিটিউটে মঙ্গলবার এক শিক্ষার্থীর হিজাব কেটে দেন এক শিক্ষিকা। বুধবার বিষয়টি জানাজানি হলে বেলা ১২টা থেকে তিন ঘণ্টা ইনস্টিটিউটে তালা মেরে রাখেন শিক্ষার্থীরা। 

বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী জানান, দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীর হিজাব কেটে দেওয়ার খবর ছড়িয়ে পড়লে সকালে ইন্সটিটিউটের ভেতরে বিক্ষোভ শুরু হয়। এক পর্যায়ে তারা ওই শিক্ষিকাসহ ছয় শিক্ষককে আটকে রেখে বাইরে তালা ঝুলিয়ে দেন। 

পরে ইন্সটিটিউটের ইন্সট্রাক্টর (ইনচার্জ) আকবরী খানম এ ঘটনার বিচারের আশ্বাস দিলে বেলা ১টার দিকে তালা খুলে দিয়ে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা। 

দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন, হিজাব কেটে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তারা তালা দিয়েছেন। এ ঘটনার সঠিক বিচার চান তারা। 

অভিযোগের মুখে থাকা ওই শিক্ষিকা বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ড্রেসকোড মেনে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে আসার নির্দেশ দেওয়া আছে। তারপরও কয়েকজন শিক্ষার্থী ড্রেসকোড না মেনে নিজের ইচ্ছেমত পোশাক পরে আসে। 

“হিজাব পরতে কাউকে নিষেধ করা হয়নি। কিন্তু বার বার বলার পরও যারা ড্রেসকোড না মেনে হিজাব পরেছেন; তাদের হিজাবের অতিরিক্ত অংশ কেটে দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় আমি অনুতপ্ত।” 

কুমিল্লা নার্সিং ইন্সটিটিউটের ইন্সট্রাক্টর (ইনচার্জ) আকবরী খানম বলেন, “এ ঘটনার একটি প্রতিবেদন তৈরি করে ঊর্ধ্বতন কর্মকর্তাকে পাঠিয়েছি। আশা করি তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।”