২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে আসামি ধরতে গিয়ে হামলায় আহত ২ পুলিশ

হামলার ঘটনায় জড়িত সন্দেহে আসামির স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বরিশালে আসামি ধরতে গিয়ে হামলায় আহত ২ পুলিশ

উজিরপুর মডেল থানা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2023, 12:22 AM

Updated : 06 Oct 2023, 12:22 AM

বরিশালের উজিরপুর উপজেলায় চুরির মামলার আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য। এ ঘটনায় জড়িত সন্দেহে আসামির স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার রাতে পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের গুচ্ছ গ্রামে এ ঘটনা ঘটে বলে উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান জানান।

আহত দুই পুলিশ সদস্য হলেন- উজিরপুর মডেল থানার এএসআই হাবিবুর রহমান ও কনস্টেবল মো. রাসেল। তারা উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

গ্রেপ্তার চম্পা বেগম (৩৫) উপজেলার মুণ্ডপাশা গ্রামের বাদশা সরদারের স্ত্রী। বাদশা স্থানীয় বাজারে মাংস বিক্রি করেন।

পরিদর্শক তৌহিদুজ্জামান বলেন, “বাদশার বিরুদ্ধে চোরাই, মৃত ও অসুস্থ গরু-মহিষের মাংস বিক্রির অভিযোগে থানায় মামলা রয়েছে। সম্প্রতি তার বিরুদ্ধে পিরোজপুর থানায় মহিষ চুরির একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

“রাত ৯টার দিকে বাদশাকে গ্রেপ্তারে গুচ্ছ গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় বাদশার স্ত্রী চম্পাসহ অজ্ঞাত পরিচয় কয়েক ব্যক্তি পুলিশের উপর হামলা করে।”

হামলার এক পর্যায়ে বাদশা পালিয়ে গেলেও তার স্ত্রীকে আটক করে পুলিশ।

এ ঘটনায় এএসআই হাবিবুর বাদী হয়ে মামলা করেছেন। মামলায় চম্পাসহ তার স্বামী এবং অজ্ঞাত পরিচয় আরও চারজনকে আসামি করা হয়েছে।

পরে চম্পাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পরিদর্শক তৌহিদ।