২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ‘অপহরণ করতে’ গিয়ে গণপিটুনিতে রোহিঙ্গা নিহত

ছোট ছেলের চিৎকারে পেছনে থাকা শাহ আলম এসে দুই রোহিঙ্গাকে ধাওয়া করে হাতেনাতে ধরে ফেলেন।

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2023, 02:10 PM

Updated : 01 Aug 2023, 02:10 PM

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ‘অপহরণ করতে’ গিয়ে জনতার হাতে আটক হয়ে গণপিটুনিতে এক রোহিঙ্গা নিহত ও আরেকজন আহত হয়েছেন।

সোমবার বিকাল ৫টার দিকে টেকনাফের হোয়াইক্যং মিনাবাজার পশ্চিম পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির এসআই রোকনুজ্জামান।

নিহত আজিমুল্লাহ ও আহত মোহাম্মদ হাশেম টেকনাফের কুতুপালং ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কবির আহমদ জানান, স্থানীয় কৃষক শাহ আলমের দুই ছেলে পাহাড় থেকে নিজেদের পালিত গরু নিয়ে বাড়ি ফিরছিলেন।

তারা পাহাড়ের ঘোনার কাছে এলে শাহ আলমের বড় ছেলে আবছারকে অপহরণকারীরা ধরে বেঁধে ফেলে। এ সময় ছোট ছেলের চিৎকারে পেছনে থাকা শাহ আলম এসে দুই রোহিঙ্গাকে ধাওয়া করে হাতেনাতে ধরে ফেলেন।

পরে তার সঙ্গে স্থানীয়রাও যোগ দেয়। একপর্যায়ে দুই অপহরণকারীকে গণপিটুনি দেয় জনতা। খবর পেয়ে পুলিশ এসে তাদের উদ্ধার করে।

এসআই রোকনুজ্জামান জানান, ‘অপহরণ করতে’ এসে দুই রোহিঙ্গা জনতার হাতে আটক হয়ে গণপিটুনির শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। 

সেখানে হাসপাতালের চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপরজনের অবস্থাও আশঙ্কাজনক। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।