২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ধোপাদিঘী’র ওয়াকওয়ে বাণিজ্যিকীকরণের প্রতিবাদ

ধোপাদিঘীপাড়ে নির্মিত নান্দনিক ওয়াকওয়ে বাণিজ্যিকীকরণের প্রতিবাদ জানান তারা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2023, 12:24 AM

Updated : 01 Sep 2023, 12:24 AM

সিলেটে ধোপাদিঘী পাড়ে নির্মিত নান্দনিক ওয়াকওয়ে বাণিজ্যিকীকরণের প্রতিবাদে ও হাঁটার উন্মুক্ত পরিবেশের দাবিতে কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে নগরীর ধোপাদিঘী ওয়াকওয়ের গেইটের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

এতে আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, “সিলেট নগরীর ধোপাদিঘীপাড়ে নির্মিত ওয়াকওয়েতে নগরবাসীর হাঁটার একটা জায়গা হয়েছিল; কিন্তু এটাকে সিটি করপোরেশন ইজারা দিয়ে বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত করছে।”

তিনি বলেন, “আমি গত কয়েক মাস বিদেশে ছিলাম; বুধবার রাতে এখানে হাঁটতে এসে দেখি ওয়াকওয়েতে টিকেট কেটে প্রবেশ করতে হয়। অল্প কয়েক দিনের মধ্যেই এটিকে লিজ প্রদানের মাধ্যমে; এর ভেতরে চটপটি, ফুচকা, চা এবং জুসের দোকান তৈরি করা হয়েছে। যার ফলে মানুষজন আর ঠিকভাবে হাঁটাচলা করতে পারে না। দোকানের চেয়ার দিয়ে হাঁটার জায়গা দখল করা হয়েছে।”   

মিসবাহ উদ্দিন সিরাজ আরও বলেন, “সিলেট শহরে হাঁটার কোনো একটি জায়গা নেই; যেটা ছিল সেটাও বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে। সিলেটের প্রাচীনতম এই দিঘীটিতে ভারত সরকারের অর্থায়নে নান্দনিক রূপ দেওয়া হয়েছে: তারপর ধোপাদিঘীপাড় ওয়াকওয়ে সবার জন্য উন্মুক্ত ছিল। সিটি করপোরেশনের ইজারা দেওয়া বিষয়টি স্থানীয়দের মতামত না নিয়েই করা হয়েছে। সিলেট নগরীর একজন বাসিন্দা হিসেবে চাই, ধোপাদিঘী ওয়াকওয়ে সবার জন্য উন্মুক্ত করা হোক। নগরবাসীর হাঁটার জন্য একটা সুস্থ পরিবেশ চাই। এজন্য আজ এখানে দাঁড়িয়েছি; সবার সহযোগিতা চাই।”

প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে ধোপাদিঘীপাড় ওয়াকওয়ে সংলগ্ন স্থানীয় বাসিন্দা ও দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের স্পেশাল পিপি সরওয়ার আহমেদ চৌধুরী আবদাল বলেন, “ধোপাদিঘীর ওয়াকওয়ে কেন বাণিজ্যিকভাবে ব্যবহার হবে? এটি ওয়াকওয়ে হিসেবে ব্যবহার করার দাবি জানাই। এখানে আজে-বাজে লোক এসে ঢুকে, যার কারণে আমরা মনে করি, ইজারা বাতিল করা দরকার। মানুষজন হাঁটতে আসেন; এসে সুস্থ পরিবেশ পান না।”

কর্মসূচিতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেটের সভাপতি কিশোর কর, নাগরিক মৈত্রী সিলেটের সভাপতি সমর বিজয় সী শেখর, সুজিত বৈদ্যসহ স্থানীয় অনেকে ছিলেন।

সিলেট সিটি করপোরেশন থেকে জানা যায়, ২০১৮ সালের ২৩ এপ্রিল করপোরেশনের প্রকৌশল শাখা থেকে এ প্রকল্পের পরিকল্পনা করা হয়।  ধোপাদিঘীকে নতুন রূপ দেওয়ার ঘোষণা দেওয়ার পর ভারত সরকার এগিয়ে আসে এর অর্থায়নে।

‘ধোপাদিঘী এরিয়া ফর বেটার এনভায়মেন্ট অ্যান্ড বিউটিফিকেশন’ নামে প্রকল্প গ্রহণ করে সৌন্দর্যবর্ধনের কাজ শুরু হয়। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে ধোপাদিঘীতে সৌন্দর্যবর্ধন প্রকল্পের কাজ শুরু হয়। চলতি বছরের ১১ জুন উদ্বোধন করা হয়।’ 

ধোপাদিঘীপাড় ওয়াকওয়ের ইজারাদান মেসার্স ইষান এন্টারপ্রাইজের পরিচালকের দায়িত্বে থাকা রেজাউল করিম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১ জুলাই থেকে পাঁচ বছরের জন্য ৬০ লাখ টাকায় ধোপাদিঘীপাড় ওয়াকওয়েটি তারা ইজারা নিয়েছেন। ওয়াকওয়ের ভেতরে ছয়টি দোকানও বসানো হয়েছে। সকাল ৯টা থেকে ওয়াকওয়ে প্রবেশ করতে হলে ৫ টাকা দিয়ে টিকেট কেটে নিতে হবে।

ইষান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাসান আহমদ চৌধুরী বলেন, “আমরা দুই মাস হলো এটি ইজারা নিয়েছি। ইজারার সব চুক্তিই আমরা মেনে চলছি। আমরা দায়িত্ব নেওয়ার পর এখানকার পরিবেশ আরো উন্নত হয়েছে।”

ধোপাদিঘী ওয়াকওয়ে ইজারার বিষয়ে জানতে সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।