আশুলিয়ায় গ্যাস ‘সিলিন্ডারের লিকেজ’ থেকে আগুন, নারীসহ দগ্ধ ৬
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছানোর আগেই আগুন নিভিয়ে ফেলেন স্থানীয়রা।
ঢাকার সাভারের আশুলিয়ায় ‘গ্যাস সিলিন্ডারের লিকেজ’ থেকে আগুন লেগে দুই নারীসহ ছয় জন দগ্ধ হয়েছেন।
শনিবার রাতে আশুলিয়ার নয়ানগর এলাকায় শফিকের টিনশেড বাড়িতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ডিইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী।
দগ্ধরা হলেন- সাবিনা বেগম (৪০), মহসিন হোসেন (২৭) ও কমলা বেগম (৫০), নজরুল ইসলাম (৪৫), সাদেক (৩০) ও হাশেম (৫০)। তারা সবাই ওই বাসার ভাড়াটিয়া।
তাদেরকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
সিনিয়র স্টেশন অফিসার প্রণব জানান, রাতে পোশাক শ্রমিক সাবিনা রান্নার জন্য চুলা জ্বালাতে গেলে হঠাৎ আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় তিনি ও তার আশপাশে থাকা কয়েকজন দগ্ধ হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছানোর আগেই আগুন নিভিয়ে ফেলেন স্থানীয়রা। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
গ্যাস সিলিন্ডারের ক্যাপের লিকেজ থেকেই গ্যাস ছড়িয়ে পড়েছিল, রান্নার সময় আগুনের স্পর্শ পেতেই তা বেড়ে যায় বলে স্থানীয়দের বরাতে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
