২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শিশুকে দিয়ে জাল নোটের ব্যবসা’, গ্রেপ্তার নানা

ঈশ্বরগঞ্জ থানার ওসি বলেন, শিশুদের ব্যবহার করে জাল নোটের ব্যবসা হতো; মামলায় শিশুদের আসামি না করার উপায় ছিল না।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2022, 10:58 PM

Updated : 28 Nov 2022, 11:13 PM

জাল নোট কাণ্ডে গ্রেপ্তার হওয়া আলোচিত দুই শিশুকে তাদের মায়ের জিম্মায় জামিন দিয়েছে ময়মনসিংহের একটি আদালত।

সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রাফিজুল ইসলাম শিশুদের জামিন দিলেও তাদের নানাকে (৬৫) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বলে জানান আসামি পক্ষের আইনজীবী কামাল উদ্দিন।

মামলার বরাত দিয়ে এই আইনজীবী বলেন, শনিবার সকালে ঈশ্বরগঞ্জ পৌর শহরের একটি দোকানে মিষ্টি খেতে আসে ১০ ও ১১ বছরের দুই ভাই। মিষ্টি খেয়ে তারা দোকানিকে এক হাজার নোট দেয়। কিন্তু নোটটি জাল ছিল।

দোকানি বিষয়টি পুলিশকে জানান। পুলিশ শিশুদের কাছ থেকে ৯০টি জাল এক হাজার টাকার নোট উদ্ধার করে। পরে তাদের ছেড়ে দিয়ে পুলিশ কৌশলে পিছু নেয় এবং গ্রামের নানা বাড়ি পর্যন্ত যায়। সেখানেই শিশু দুটি থাকে। তাদের মা ঢাকায় কাজ করেন।   

মামলায় আরও বলা হয়, ওই বাড়িতে গিয়ে পুলিশ ঘরের পিছনে বালুর স্তূপের ভেতর থেকে ১ হাজার টাকার জাল নোটের ২৪টি বান্ডিল উদ্ধার করে; সেখানে মোট ২৪ লাখ টাকা মূল্যের নোট ছিল। পরে পুলিশ দুই শিশু ও তাদের নানাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

রোববার সকালে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে দুই শিশুসহ আটজনকে আসামি করে মামলা করে। সেই মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে আদালতে পাঠায়।

আইনজীবী কামাল উদ্দিন আরও জানান, বিচারক শিশুদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের বয়স কম হওয়ায় মায়ের জিম্মায় জামিন দিয়েছেন। তবে নিয়মিত তাদের আদালতে হাজিরা দিতে হবে। ঘটনার সঙ্গে শিশুরা জড়িত না থাকলেও তাদের কেন্দ্র করেই জাল নোটের সন্ধান পাওয়ায় আসামি করা হয়েছে।

শিশুদের মা বলেন, “জীবিকার তাগিদে আমরা ঢাকায় অবস্থান করছি। এদিকে বাড়িতে কী হয়েছে বিষয়টি আমাদের জানা নেই। তবে আমার বোন জামাইয়ের কারণে শিশু বাচ্চারা আসামি হয়েছে। এটা মেনে নিতে কষ্ট হচ্ছে।

“আশা করছি, বিচারক এ মামলা থেকে শিশুদের দ্রুত মুক্তি দেওয়ার ব্যবস্থা করবেন। শিশুরা আমার জিম্মায় জামিন পেয়েছে, তাই ভালো লাগছে। তবে আমার বৃদ্ধ বাবাও ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। কারণ তিনি মানসিকভাবে অসুস্থ।”

ঈশ্বরগঞ্জ থানার ওসি শেখ মোস্তাছিনুর রহমান বলেন, “শিশুদের ব্যবহার করে জাল নোটের ব্যবসা করা হতো। মামলায় শিশুদের আসামি না করার কোনো উপায় ছিল না। তবে তারা জামিন পেয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”