২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত দুই, আহত ১০

বাসটি দুমড়েমুচড়ে মহাসড়কের পাশে খাদে গিয়ে পড়ে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2024, 10:39 AM

Updated : 18 Jan 2024, 10:39 AM

গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত পরিচয় এক নারীসহ দুজন নিহত হয়েছেন; এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানায় পুলিশ।

বুধবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাসুর এলাকায় এ ঘটনা ঘটে বলে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি আবুল হাসেম মজুমদার জানান।

নিহতরা হলেন- খুলনার রূপসা উপজেলার আলিমুদ্দিনের ছেলে মিজান (২৫) ও আনুমানিক ৩৫ বছর বয়সি অজ্ঞাত পরিচয় এক নারী।

ওসি আবুল হাসেম জানান, ঢাকা থেকে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস সাতক্ষীরা যাচ্ছিল। বাসটি রাত ২টার দিকে সোনাসুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসার একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় বাসটি দুমড়েমুচড়ে মহাসড়কের পাশে খাদে পড়ে। এতে ঘটনাস্থলেই মিজান ও অজ্ঞাত পরিচয় নারী নিহত হন। আহত হন ১০ জন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে পুলিশের সহায়তায় নিহত ও আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর জানিয়ে হাইওয়ে পুলিশের ওসি আরও বলেন, “নিহত নারীর পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহের ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”