ব্রাহ্মণবাড়িয়ায় ‘পালিয়ে বিয়ে করা’ নিয়ে সংঘর্ষে আহত ‘শতাধিক’
সংঘর্ষ থামাতে গিয়ে ছয় রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ; কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দুই গোষ্ঠীর সংঘর্ষে শতাধিক আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ৩৩ জনকে আটক করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার হরষপুর ইউনিয়নের বুল্লা গ্রামে এ ঘটনা ঘটে বলে বিজয়নগর থানার ওসি আসাদুল ইসলাম জানান।
আহতদের মধ্যে ৭০ জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকিরা বিজয়নগর স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিয়েছেন।
আহতদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- কাউসার (৪২), মুখলেস (২৯), মোহন (২৫), জহুরুল হক (৩২), আব্দুল্লাহ (২৫), ছোট্ট মিয়া (৫৫), মিলন মিয়া (২৩), রিপন মিয়া (২৯), জাকির মিয়া (২৮), রিপন মিয়া (২২), আব্বাস আলি (৪৫), তানভীর (২২), আশু মিয়া (৪২), শফিকুল (৩২), রফিক (৩৮), জসিম (৩২), রিপন (২৮), আবু লাল (৪০), কাউসার (১৪), আবন মিয়া (৩০), জয়নাল (৪০), লুৎফুর (৩০), সাদেকুল (৪০), নাজমুল (২০), ওহিদ (৪০), তারেক (২০), রামিত (৩০), জসিম (২০), সিরাজ (৪৫), কুশনাহার (৪০), রাসেল (১৪), নাসির মিয়া (৪৫), ফায়েজ মিয়া (৩০), বিল্লাল মিয়া (৩৫), আব্দুল্লাহ (২৭), আবু তাহের (৯০), মোশাররফ (৩০), সাকিব (১৮), মিলন (২৮), মনা মিয়া (১৮), নাঈম (১৫), হাকিম (৩০), শামীম (৩০), আবুল হোসেন (৩৫), মোজাম্মেল (২৫), মামুন (৩৫) ও আজগর (৪০)।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বিল্লাল হোসেন বলেন, “হরষপুর ইউনিয়ন পরিষদের মেম্বার কাউসার মিয়ার মেয়ে একই এলাকার মাদ্রাসা শিক্ষক জয়নাল মেম্বারের গোষ্ঠীর এক তরুণের সঙ্গে পালিয়ে বিয়ে করে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বিরোধ চলছিল।
“এ ঘটনাসহ বিভিন্ন বিরোধের জেরে সকালে দুই গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের শতাধিক আহত হয়।”
এ সময় বেশ কিছু বাড়িঘরে ভাঙচুর করা হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা। এছাড়া সংঘর্ষ থামাতে গিয়ে ছয় রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এ সময় তাদের কয়েকজন সদস্যও আহত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “এ ঘটনায় জড়িত সন্দেহে বিভিন্ন স্থান থেকে ৩৩ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং যে কোনো বিশৃঙ্খলা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
