২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

নিহতের শরীরে ৩০ থেকে ৩৫টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে জানিয়েছে পুলিশ।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2022, 06:05 PM

Updated : 13 Dec 2022, 06:25 PM

নারায়ণগঞ্জ নগরীতে চালককে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে হাজীগঞ্জ দুর্গের ভেতর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয় বলে সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইদুজ্জামান জানান।

নিহত অটোরিকশার চালক ২৫ বছর বয়সী আছিব ওরফে অন্তর ফতুল্লার দেওভোগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার বাবার নাম আবুল কালাম, মা নাসিমা বেগম।

সদর মডেল থানার এসআই কামরুজ্জামান বলেন, নগরীর মাসদাইর এলাকার একটি গ্যারেজ থেকে সোমবার বিকালে অটোরিকশাটি নিয়ে বেরিয়েছিলেন অন্তর। সকালে তার মরদেহ পাওয়া গেছে। তবে অটোরিকশাটি পাওয়া যায়নি।

নিহতের শরীরে ৩০ থেকে ৩৫টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, “ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীদের কবলে পড়ে ওই তরুণ নিহত হয়েছেন।”

পুলিশ পরিদর্শক সাইদুজ্জামান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের কাউকে খুঁজে না পাওয়া গেলে পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করবে।