২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে বন বিভাগের অফিস চত্বরে ফের দেখা মিলল বাঘের

কেন্দ্রের চত্বরে বাঘের ঘোরাফেরার ভিডিও ধারণ করেন কচিখালী অভয়ারণ্য অফিসের বনরক্ষী মোস্তাক আহমেদ।  

সুন্দরবনে বন বিভাগের অফিস চত্বরে ফের দেখা মিলল বাঘের

ভিডিও থেকে নেওয়া ছবি।

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2023, 01:21 PM

Updated : 11 Aug 2023, 05:09 PM

সুন্দরবনের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের সামনে আবারও রয়েল বেঙ্গল টাইগারের দেখা মিলেছে। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন এক বনরক্ষী। 

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা এক মিনিট ষোলো সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, বাঘটি ব্যারাকের সামনে ঘোরাফেরা করছে। পরে লোকজনের উপস্থিতি টের পেয়ে বনের দিকে চলে যায় প্রাণীটি। 

কেন্দ্রের চত্বরে বাঘের ঘোরাফেরার ভিডিওটি ধারণ করেন কচিখালী অভয়ারণ্য অফিসের বনরক্ষী মোস্তাক আহমেদ।  

তিনি সাংবাদিকদের বলেন, “মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে দেখি কেন্দ্রের বাইরে একটি বাঘ দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ করে বাঘটি দেখে হতভম্ভ হয়ে যাই। ভয়ে ভয়ে মোবাইল দিয়ে ভিডিও করা শুরু করি। একটু পরে বাঘটি বনের দিকে চলে যায়।”

 এর আগে এ বছরের ৩ ফেব্রুয়ারিতেও সুন্দরবনের গহীনে শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের চান্দেশ্বর টহল ফাঁড়ির চত্বর তিন বাঘ মিলে প্রায় ২০ ঘণ্টা দখলে রাখে; ভয়ে-আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা সময়টা ‘অবরুদ্ধ’ অবস্থার মধ্যে কাটিয়েছিলেন।    

তার দুয়েকদিন পর ৬ ফেব্রুয়ারি সুন্দরবনের খুলনা রেঞ্জের শরবতখালী বনবিভাগের টহল ফাঁড়ি চত্বরে রাতভর দুই বাঘের গর্জন শুনেছেন বনরক্ষীরা। রাতভর বাঘ দুটি ফাঁড়ির আশপাশে অবস্থান নিয়ে ঘোরাফেরা করে। পরদিন সকালে উঠে চার বনরক্ষী ফাঁড়ির ঘরের পাশে বাঘের ছাপ দেখতে পান।   

এ বিষয়ে সুন্দরবন পূর্ব বনবিভাগের  শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মাহাবুব হোসেন সাংবাদিকদের বলেন, “এর আগেও এলাকায় তিনটি বাঘের আনাগোনা দেখা গেছে। এর মধ্যে একটি বাচ্চা আর দুটি পরিণত। 

“অভয়ারণ্য এলাকায় সব ধরনের প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় বাঘগুলো অবাধে বিচরণ করতে পারছে। এ কারণেই সেখানে দায়িত্বরত কর্মকর্তারা বাঘের দেখা পাচ্ছেন। আমরা তাদেরকে সতর্ক থাকতে বলেছি। ” 

এ ছাড়া বনে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলেও দাবি করেন তিনি।  

আরও পড়ুন

পুরনো খবর:

সুন্দরবনের ফাঁড়ি ৩ বাঘের দখলে, ২০ ঘণ্টা ‘অবরুদ্ধ’ কর্মীরা
এবার শরবতখালী ফাঁড়িতে ২ বাঘের গর্জন, আতঙ্কে বনরক্ষীরা