বাগেরহাটে ধানখেতে বাঘের পায়ের ছাপ, গ্রামে আতঙ্ক-মাইকিং
রাতে একা বাইরে না যাওয়া এবং গবাদিপশু নিরাপদে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
বাগেরহাটের শরণখোলা উপজেলায় ধানখেতে বাঘের পায়ের ছাপ দেখে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
তাদের সতর্ক করতে মাইকিং করেছে বন বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা।
রোববার বিকেলে উপজেলার সুন্দরবনঘেঁষা সোনাতলা গ্রামের একটি ধানখেতে বাঘের পায়ের ছাপ দেখা যায় বলে জানিয়েছেন সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শরিফুল ইসলাম।
তিনি বলেন, খবর পেয়ে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। সোমবার ড্রোন দিয়ে গ্রামের মাঠ ও ধানখেত পর্যবেক্ষণ করা হলেও বাঘটির অবস্থান শনাক্ত করা যায়নি। বাঘটি বনে ফিরে গেছে কি না, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।
আগামী দুই থেকে তিন দিন ওই এলাকায় বন বিভাগ, কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের সদস্যরা টহল দেবেন বলে জানান এই কর্মকর্তা।
গ্রামের সিপিজির সদস্য আব্দুর লতিফ বলেন, ধানখেতে বাঘের তাজা পায়ের ছাপ দেখা গেছে। ধারণা করা হচ্ছে, রাতে বাঘটি নদী পার হয়ে গ্রামে এসেছিল। তবে সেটি এখনো আশপাশে আছে কি না, তা জানা যায়নি। ধানখেতে বাঘ লুকিয়ে থাকলে সহজে দেখা যায় না। এতে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে।
সোনাতলা গ্রামের পশ্চিম পাশে ভোলা নদী, আর নদীর ওপারেই সুন্দরবন। এক সপ্তাহ আগেও গ্রামের পাশের নদীর তীরে বাঘের চলাচলের চিহ্ন পাওয়া গিয়েছিল।
