২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবাদ সম্মেলনে কেঁদে ভোট পুনঃগণনার দাবি

রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে রাজশাহী-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান এ দাবি জানান।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2024, 06:07 PM

Updated : 11 Jan 2024, 06:42 PM

সংবাদ সম্মেলনে ভোটে কারচুপির বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রাজশাহী-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী। এ সময় ভোট আবার গণনা করার দাবি জানান তিনি।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে স্বতন্ত্র প্রার্থী ও জেলা যুবলীগের সাবেক সহসভাপতি ওবায়দুর রহমান এ দাবি জানান।

পুনরায় ভোট গণনার দাবি করে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন; যার অনুলিপি প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের সচিব বরাবর পাঠানো হয়েছে বলেও জানান ওবায়দুর।

সংবাদ সম্মেলনে ভোটের ফল প্রত্যাখান করে এ স্বতন্ত্র প্রার্থী বলেন, “৮৬ হাজার ৯১৩ ভোট পেয়ে আমি জয়যুক্ত হয়েছিলাম। বিভিন্ন টেলিভিশনের স্ক্রলেও আমার ছবিসহ সেটি প্রচার করা হয়। আর আমার প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী আব্দুল ওয়াদুদ দারা ভাই পান ৮৩ হাজার ৮৬২ ভোট।

“কিন্তু পরে ফল পরিবর্তন করে আমাকে জোর করে হারানো হয়েছে। আমার ভোট নৌকায় এবং নৌকার ভোট আমার ঈগল প্রতীকের দেখানো হয়েছে।”

ফলে ভোট পুনরায় গণনা করা হলে বিজয়ী হবেন বলে দাবি করেন ঈগল প্রতীকের এ প্রার্থী।

প্রধান নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে ওবায়দুর বলেন, “আপনি নিরপেক্ষ নির্বাচনের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা রক্ষা করতে পারেননি। আপনার প্রিজাইডিং অফিসাররাও পক্ষপাতিত্ব করেছেন। তারা রুমের দরজা বন্ধ করে আমার এজেন্টদের বের করে দিয়ে নিজেরা ভোট দিয়েছে।

“এছাড়াও ভোট কেন্দ্র যেতে আমার ভোটারদের বাধা দেওয়া হয়েছে। বিষয়টি জানানোর পরও প্রশাসনের কর্মকর্তারা কোন পদক্ষেপ নেয়নি। দুপুর ১২টার পর্যন্ত প্রশাসনের ভূমিকা ছিল নিরপেক্ষ। কিন্তু এরপর আচরণ বদলে যায়, তারা নৌকার প্রার্থীর পক্ষে অবস্থান নেয়।”

নৌকার প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, “নির্বাচনের পর থেকে দারা ভাইয়ের কর্মী-সমর্থকরা আমার কর্মীদের মারধর, বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাট করে যাচ্ছে। থানায় গেলে পুলিশ মামলাও নিচ্ছে না।”

সংবাদ সম্মেলনের এক পর্যায়ে কেঁদে ফেলেন ওবায়দুর। বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক ও উৎসব মুখর করার লক্ষ্যে আমি অংশগ্রহণ করেছিলাম। সেটা যদি আমার ভুল হয়ে থাকে তাহলে আমাকে শাস্তি দেন। কিন্তু আমার কর্মীদের রক্ষা করুণ।

রাজশাহী জেলা পরিষদ সদস্য আসাদুজ্জামান মাসুদ, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তালেব, পুঠিয়া উপজেলা যুবলীগের সদস্য মাহবুদ্দিন, জেলা যুবলীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সেলিম শেখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নৌকার প্রার্থী আব্দুল ওয়াদুদ দারার প্রধান নির্বাচনি এজেন্ট আব্দুস সামাদ বলেন, “কোন কারচুপি হয়নি, নৌকার প্রার্থী কোন প্রভাবও খাটান নাই। নির্বাচন সুষ্ঠু হয়েছে। উল্টো দুটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর লোকজন প্রভাব বিস্তার করে আমাদের প্রার্থীদের কেন্দ্রে যেতে দেয় নাই।”