বাগেরহাটে নির্বাচনি সরঞ্জাম ও ব্যালট গেছে দুর্গম ১২৬ কেন্দ্রে
রিটার্নিং কর্মকর্তা জানান, বাকি কেন্দ্রগুলোর ব্যালট পেপার নির্বাচনের দিন সকালে পৌঁছে দেওয়া হবে।
দ্বাদশ সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি সংসদীয় আসনের দুর্গম ১২৬টি কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম ও ব্যালট পেপার বিতরণ শুরু হয়েছে।
শনিবার দুপুর থেকে কেন্দ্রগুলোতে নির্বাচনি সরঞ্জাম ও ব্যালট বিতরণ শুরু হয়েছে বলে বাগেরহাটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা ম্যাজিস্ট্রেট মোহা. খালিদ হোসেন জানান।
তিনি জানান, বাকি কেন্দ্রগুলোর ব্যালট পেপার নির্বাচনের দিন সকালে পৌঁছে দেওয়া হবে।
জেলার ৪৮৮টি ভোটকেন্দ্রে মধ্যে ১২৬টির অবস্থান দুর্গম এলাকায়।
বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রাশেদুজ্জামান এই প্রতিবেদককে বলেন, “বাগেরহাট-২ সদর উপজেলাতে ৯৫টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ২৯টি কেন্দ্রের যোগাযোগ ব্যবস্থা দুর্গম হওয়ায় শনিবার ব্যালট পেপারসহ নির্বাচনি সরঞ্জাম বিতরণ করা হচ্ছে।
বাকি ৬৬টি কেন্দ্রে ভোটের দিন ভোর ৪টায় আইনশৃঙ্খলাবাহিনীর সহযোগিতায় নিয়ে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে।”
বাগেরহাটের রিটার্নিং কর্মকর্তা খালিদ হোসেন বলেন, “জেলার চারটি আসনে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বাগেরহাটের ৪৮৮টি কেন্দ্রে ভোট নেওয়া হবে। এর মধ্যে ১২৬টি কেন্দ্রে ব্যালটসহ অন্যান্য নির্বাচনি সরঞ্জাম পৌঁছে দেওয়া হলেও বাকি কেন্দ্রগুলোতে ব্যালট পেপার যাবে নির্বাচনের দিন সকালে।
বাগেরহাটের চারটি আসনে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের ২৬ প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন।
প্রচার শুরুর দিন থেকে এখন পর্যন্ত কোনো প্রার্থীই একে অপরের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের কোনো অভিযোগ করেননি প্রশাসনের কাছে।
এ আসনে নারী-পুরুষ মিলিয়ে মোট ভোটার ১২ লাখ ৭৭ হাজার ৮০১ জন।
