২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলে থানায় এসে বললেন, বাবাকে খুন করেছি, আমাকে গ্রেপ্তার করুন

গোলাম আজম রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে চাকরি করতেন।

ছেলে থানায় এসে বললেন, বাবাকে খুন করেছি, আমাকে গ্রেপ্তার করুন

ঠাকুরগাঁও সদর থানায় গিয়ে গোলাম আজম নিজেই আত্মসমর্পণ করেন।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2023, 09:24 PM

Updated : 06 Feb 2023, 09:24 PM

ঠাকুরগাঁও সদরে বাবাকে খুন করে এক ছেলে থানায় এসে আত্মসমর্পণ করেছে বলে পুলিশ জানিয়েছে। 

সোমবার ভোরে শহরের শান্তিনগর এলাকার একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয় বলে ঠাকুরগাঁও সদর থাসার ওসি মো. কামাল হোসেন জানান।

তিনি দাবি করেন, “গোলাম আজম তার বাবাকে হত্যার পর নিজের বিচার দাবি করলে তাকে আটক হয়।”

নিহত ফজলে এলাহী (৫৮) একজন ব্যবসায়ী ছিলেন। তিনি ঠাকুরগাঁও শহরের শান্তিনগর এলাকার বাসিন্দা।

ওসি কামাল হোসেন বলেন, রোববার রাতে বাড়ি ফাঁকা পেয়ে গোলাম আজম তার বাবা ফজলে এলাহীর ঘরে ঢুকে মাথায় রড দিয়ে কয়েকবার আঘাত করেন। এরপর ঘরে থাকা একটি ধারালো অস্ত্র দিয়ে তার বাবাকে কুপিয়ে হত্যা করেন। এতে ফজলে এলাহী ঘটনাস্থলেই মারা যান।

“বাবার মৃত্যু নিশ্চিত হলে ঘরে তালা লাগিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান গোলাম আজম। এরপর রাত আড়াইটার দিকে তিনি সদর থানায় এসে দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা নির্মল রায়কে বলেন, ‘আমি আমার বাবাকে খুন করেছি।নিজের বিচার চাই।আমাকে গ্রেপ্তার করুন।’”

ওসি আরও বলেন, আজমের কথায় বিশ্বাস না হলে দায়িত্বরত ওই পুলিশ কর্মকর্তা আজমের মোবাইল ফোন থেকে তার বোনকে কল দিয়ে বিষয়টি যাচাই করতে বলেন। সে সময় আজমের বোন বাড়িতে গিয়ে ঘরের দরজায় তালা দেখতে পান।

“পরে পুলিশ ওই বাসা থেকে ফজলে এলাহীর লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য লাশ ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।”

পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জমিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোলাম আজম রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে চাকরি করতেন। পরে চাকরি ছেড়ে সে বাড়িতে চলে আসে। এরপর তার মানসিক সমস্যা দেখা দেয়। এ নিয়ে তাদের পরিবারে ঝামেলা চলছিল।

ওসি কামাল হোসেন বলেন, জিজ্ঞাসাবাদে গোলাম আজম পুলিশ কর্মকর্তাদের বলেছেন, তিনি সুস্থ। তারপরও পরিবারের লোকজন তাকে মানসিক রোগী মনে করে চিকিৎসা দিয়ে যাচ্ছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে আজম সুযোগ পেয়ে বাবার ওপর আক্রমণ করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ঘটনাস্থল পরিদর্শন করে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, এটি হত্যাকাণ্ড। অভিযুক্ত গোলাম আজম আমাদের হেফাজতে আছেন।

“তিনি স্বীকার করেছেন, নিজেই তার বাবাকে হত্যা করেছেন। মামলার পর তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”