যশোরে ‘মাছ ধরার সময় হামলায়’ প্রৌঢ় খুন, আটক ১
স্থানীয়রা হামলাকারী যুবককে আটক করে পুলিশে দেয়।
যশোরে খালে মাছ ধরার সময় যুবকের হামলায় এক প্রৌঢ় খুন হয়েছেন। এ সময় হামলাকারীকে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের নালিয়া গ্রামের এ ঘটনা ঘটে বলে জানান কোতোয়ালি থানার এসআই আল মামুন।
নিহত সালেহ আহমেদ (৬০) ওই গ্রামের বাসিন্দা।
আটক শাহীন (৪০) একই ইউনিয়নের দায়তলা গ্রামের মনসুর আলীর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই আল মামুন বলেন, “সালেহ আহমেদ সঙ্গে শাহীনের পূর্বশত্রুতা ছিল। সকালে নালিয়া গ্রামের একটি খালে মাছ ধরছিলেন সালেহ। এ সময় তার উপর বাঁশ দিয়ে হামলা চালান শাহীন। বাঁশের আঘাতে সালেহের মাথা ফেটে যায়।
“স্থানীয়রা যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে ঢাকায় স্থানান্তর করেন। অ্যাম্বুলেন্সে তোলার পরপরই সালেহ’র মৃত্যু হয়।”
ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
স্থানীয়রা শাহীনকে আটক করে ফতেপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
