ব্রাহ্মণবাড়িয়ায় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
“সীমান্তের কাঁটাতার পেরোনোর সময় টহলরত বিএসএফ সদস্যরা তাকে গুলি করে।”
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
সোমবার সকাল ৯টার দিকে উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে এ ঘটনা ঘটে বলে বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান।
নিহত ২৩ বছর বয়সী মো. হাসান কসবার কায়েমপুর ইউনিয়নের কায়েমপুর গ্রামের দারু মিয়ার ছেলে।
লেফট্যানেন্ট কর্নেল জাবের বিন জব্বার বলেন, “নিহত যুবক চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন। সীমান্তের কাঁটাতার পেরোনোর সময় টহলরত বিএসএফ সদস্যরা তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ শাহরিয়ার মুক্তার বলেন, পুটিয়া সীমান্ত থেকে গুলিবিদ্ধ অবস্থায় হাসানের মরদেহ উদ্ধার করা হয়। পুরো ঘটনাটি এখনও স্পষ্ট নয়; খতিয়ে দেখা হচ্ছে।
