২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ২ মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত

পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করেছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2023, 08:50 PM

Updated : 29 Jul 2023, 08:50 PM

নওগাঁর ধামইরহাট উপজেলায় দুই মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার বেলা দেড়টার দিকে উপজেলার নজিপুর-ধামইরহাট সড়কে ধানতাড়া এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ধামইরহাট থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গণি।

নিহত ২১ বছরের ইসাহাক আলী উপজেলার আড়ানগর ইউনিয়নের চকগড়িয়া গ্রামের ফরিদুল ইসলামের ছেলে। তিনি ঢাকার একটি কলেজে পড়ালেখা করতেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পরিদর্শক আব্দুল গণি জানান, দুপুরে নজিপুর রোড থেকে ধামইরহাটগামী একটি মোটরসাইকেলের সঙ্গে অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ছিটকে পড়ে যায় কলেজছাত্র ইসাহাক। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা ধামইরহাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পুলিশ কর্মকর্তা আব্দুল গণি আরও জানান, থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করেছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।