পাবিপ্রবিতে ২ শ্রমিকের মৃত্যু: পিডিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
ওসি বলেন, মামলায় বাদী সংশ্লিষ্টদের বিরুদ্ধে শ্রমিক নিরাপত্তায় অবহেলার অভিযোগ এনেছেন।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় প্রকল্প পরিচালক, ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিচালক, প্রকৌশলীসহ ছয় জনের বিরুদ্ধে মামলা হয়েছে; গ্রেপ্তার হয়েছেন এক জন।
নিহত এক শ্রমিকের চাচা বাদী হয়ে শুক্রবার রাতে পাবনা সদর থানায় মামলা করেন বলে জানান ওই থানার ওসি কৃপা সিন্ধু বালা।
আসামিরা হলেন: বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্পের পরিচালক জি এম আজিজুর রহমান, ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিচালক হারুন অর রশীদ, নাছিরুল হক, মিজানুর রহমান, সাইট ম্যানেজার সুজাউদ্দৌলা ও হোসাইন আলী।
ওসি বলেন, মামলায় বাদী মফিজুর রহমান সংশ্লিষ্টদের বিরুদ্ধে শ্রমিক নিরাপত্তায় অবহেলার অভিযোগ এনেছেন।
আসামি হোসাইন আলীকে গ্রেপ্তার করা হয়েছে; অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানায় পুলিশ।
গত শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন শেখ রাসেল হলের বাইরের অংশে শ্রমিকেরা রশি ঝুলিয়ে প্লাস্টারের কাজ করছিলেন। এ সময় রশি ছিঁড়ে তিন শ্রমিক নিচে পড়ে গিয়ে দুজন মারা যান। আরেকজন মারাত্মকভাবে আহত হন।
নিহতরা হলেন: চাঁপাইনবাবগঞ্জের বাগানপাড়া চর বাসুদেরপুর গ্রামের তুহিন হোসেন (২৫) ও রাজশাহীর গোদাগাড়ি উপজেলার বিগ্রাম ঘণ্টি গ্রামের আসাদুল আলী (৩৫)।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামাল হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয় খোলার পর এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। তবে ইতঃপূর্বে দুই শ্রমিক মারা যাওয়ার ঘটনায় প্রকৌশল বিভাগকে বারবার সতর্ক করা হয়েছিল। তারপরও কেন এ ধরনের দুর্ঘটনা ঘটল সে বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
শ্রমিকদের কাজের নিরাপত্তা নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীর কাছে কৈফিয়ত চাওয়া হবে বলেও জানান তিনি।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন কয়েকটি ১০-১২তলা ভবনে কাজ করছেন কয়েকশত শ্রমিক। এসব ভবনের নির্মাণ কাজ করতে গিয়ে এর আগেও একাধিক শ্রমিকের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন:
