২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে মাটি খুঁড়ে মিলল নিখোঁজ যুবকের লাশ, আটক প্রবাসীর স্ত্রী

মোবাইলে কথোপকথনের সূত্র ধরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে শাহীনকে পুঁতে রাখার কথা পুলিশের কাছে স্বীকার করেন হোসনে আরা।

নাটোরে মাটি খুঁড়ে মিলল নিখোঁজ যুবকের লাশ, আটক প্রবাসীর স্ত্রী

নাটোরের বড়াইগ্রামে বাড়ির উঠানের মাটি খুঁড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2023, 10:13 PM

Updated : 11 Aug 2023, 11:22 PM

নাটোরের বড়াইগ্রামে বাড়ির উঠানের মাটি খুঁড়ে নিখোঁজ এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক প্রবাসীর স্ত্রীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার বিকালে উপজেলার জলন্দা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নাটোরের পুলিশ সুপার মো. তারিকুল হাসান।

নিহত শাহীন হোসেন (৪০) নাটোর সদর উপজেলার গাঁওপাড়া ঢালান গ্রামের মোজাহার আলীর ছেলে। তিনি জেলা জজ আদালতের এক আইনজীবীর মুহুরী হিসেবে কাজ করতেন।

আটক হোসনে আরা বেগম (৩২) ওই এলাকার হেলাল হোসেন ফালুর মেয়ে এবং সিংড়া উপজেলার ওমান প্রবাসী আইয়ুব আলীর স্ত্রী।

পুলিশ সুপার তারিকুল বলেন, শাহীনকে খুঁজে না পেয়ে গত ৯ অগাস্ট সদর থানায় একটি নিখোঁজের ডায়েরি করেন তার বাবা। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রবাসী আইয়ুবের বাড়িতে শাহীনের মোবাইল নম্বরটি সবশেষ বন্ধের তথ্য পায় পুলিশ।

“শাহীনের সঙ্গে হোসনে আরার কথোপকথনের তথ্যও পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে হোসনে আরাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে হোসনে আরা তার বাবার বাড়ির উঠানে শাহীনকে পুঁতে রাখার কথা স্বীকার করেন।”

পরে পুলিশ প্রায় ১০ ফুট মাটি খুঁড়ে শাহীনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান পুলিশ সুপার।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।